প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়ুর্গেন ক্লপ, জার্মান জাতীয় দলের নতুন কোচ হিসেবে প্রথমবার স্কোয়াড ঘোষণা করে চমক সৃষ্টি করেছেন। উয়েফা নেশন্স লিগের চারটি ম্যাচের জন্য তিনি দুটি আলাদা স্কোয়াডে মোট ৪৪ ফুটবলারকে ডাকেন। তবে এই বিশাল তালিকায় বিশ্বকাপে জার্মানির সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভের নাম নেই। বাদ পড়েছেন গালাতাসারেইয়ের উইঙ্গার লেরয় সানেও।
ক্লপের এই ‘ডাবল স্কোয়াড’ নেদারল্যান্ডস, গ্রিস এবং সার্বিয়ার বিপক্ষে ম্যাচগুলোকে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত করতে পারে। ফ্লোরিয়ান ভির্টজ ও কাই হাভার্টজের মতো নিয়মিত তারকাদের সর্বোচ্চ দুটি ম্যাচে খেলানোর পরিকল্পনা থাকতে পারে ক্লপের। এর ফলে নতুনদের নিজেদের প্রমাণের সুযোগ মিলবে এবং নিয়মিত খেলোয়াড়দের ওপর ম্যাচের চাপও কমবে।
আন্তর্জাতিক ফুটবলে ক্লপের যাত্রার শুরু থেকেই ভিন্নধর্মী বার্তা ছিল। জার্মানির দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, "সমালোচনা মাত্রা ছাড়িয়ে গেলে কিংবা সংবাদমাধ্যমের হস্তক্ষেপ অসহনীয় পর্যায়ে পৌঁছালে পদত্যাগের কথাও বিবেচনা করতে পারেন।" এবার প্রথম স্কোয়াড ঘোষণাতেই তিনি আলোচনার জন্ম দিয়েছেন সাবেক লিভারপুল কোচ।
বৃহস্পতিবার ঘোষিত তালিকায় এমন অনেক ফুটবলার রয়েছেন, যারা এখনও জার্মানির সিনিয়র জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন। তাদের মধ্যে এলভার্সবার্গের মিডফিল্ডার ফেলিক্স কেইডেল এবং আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইউনেস এবনুতালিব উল্লেখযোগ্য। শীর্ষ বিভাগের ক্লাব ফুটবলেও তাদের অভিজ্ঞতা এখনো সীমিত।
নেশন্স লিগের লিগ পর্বে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, প্রতিটি ম্যাচের আগে মধ্যরাতের মধ্যে ২৩ সদস্যের চূড়ান্ত তালিকা জমা দিতে হয়। তবে এক ম্যাচের পর পরের ম্যাচে সেই তালিকায় পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এই নিয়মের মধ্যেই ৪৪ জনকে দুই স্কোয়াডে ভাগ করে পরীক্ষা করতে চাইছেন ক্লপ।
বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা হওয়া দেনিজ উন্দাভের বাদ পড়াটিই সবচেয়ে বড় চমক। জাতীয় দলের হয়ে ৮০ ম্যাচ খেলা লেরয় সানেও এবার দলে না থাকায় আপাতত তার আন্তর্জাতিক ম্যাচসংখ্যা আর বাড়ছে না।
জার্মানি আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে। এরপর ২৭ সেপ্টেম্বর গ্রিস এবং ১ অক্টোবর সার্বিয়ার মুখোমুখি হবে তারা। ৪ অক্টোবর আবারও গ্রিসের বিপক্ষে মাঠে নামবে ক্লপের দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন