প্রিন্ট এর তারিখঃ ১৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৬:১৩ এম || প্রকাশের তারিখঃ ১৮ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:২৯ পি.এম
বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু /
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদি (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে নগরীর দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মো. নাছির উদ্দীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কেবি স্কুলের সামনের একটি স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাদি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকারটি স্বাভাবিকের তুলনায় উঁচু। এ ছাড়া এর ওপরের রং উঠে যাওয়ায় দূর থেকে সহজে বোঝা যায় না। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর সন্তান। সে বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত মর্মাহত।
দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকার নিয়ে প্রক্টর জানান, বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখাকে জানানো হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করার উদ্যোগ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"