প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবান, ২২ সেপ্টেম্বর, ২০২৬: বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপান্তরের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
আজ বান্দরবান পৌরসভার চারপাশের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় শহরের পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রমের ওপরও নজর দেন তিনি।
মন্ত্রী শহরের ফায়ার সার্ভিস ও হাসপাতাল রোডের সংলগ্ন সড়কের খানাখন্দ এবং ভগ্নদশা দ্রুত মেরামতের নির্দেশনা দেন। এছাড়া ৩ নং ওয়ার্ড কালাঘাটা এলাকার চৌরাস্তা সংলগ্ন বিভিন্ন স্থানে জমা হওয়া ময়লা-আবর্জনা ও আগাছা দেখে অসন্তোষ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে পরিষ্কারের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারি খাসজমি ও সড়কের ওপর অবৈধভাবে গড়ে তোলা সকল উচ্ছেদযোগ্য স্থাপনা দ্রুত অপসারণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
পরে, মন্ত্রী পৌরসভার রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। সেখানে বিদ্যমান সুপেয় পানির সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের যাত্রীসেবা এবং সামগ্রিক অব্যবস্থাপনা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন। যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।
এছাড়া, পর্যটক ও স্থানীয়দের সুবিধার্থে প্রধান ডাকঘরের কাছে থানচি বাস স্ট্যান্ড এবং রুমা বাস টার্মিনাল সংলগ্ন পৃথক দুটি স্থানে অত্যাধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে বান্দরবান জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শেষে মন্ত্রী বলেন, "সরকারের সঠিক পরিকল্পনা ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতায় অতি দ্রুত বান্দরবান একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও মডেল পর্যটন নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন