প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় নীরব চাঁদাবাজির ভয়াবহ বিস্তার ঘটেছে। ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভয়ের কারণে মুখ খুলতে পারছেন না। অভিযোগ উঠেছে যে, পাঁচ-ছয়টি সংঘবদ্ধ গ্রুপ মানুষকে জিম্মি করে লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে। চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক ব্যবসায়ী খুলনা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সম্প্রতি খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যে খুলনার নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনের কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেসিসি প্রশাসক বলেন, খুলনায় এক ধরনের নীরব চাঁদাবাজি চলছে। মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না। চাঁদাবাজির শিকার হলেও অনেকে অভিযোগ করার সাহস পাচ্ছেন না। কারণ, অভিযোগের খবর অপরাধীদের কাছে পৌঁছে গেলে গুলি কিংবা হত্যার শিকার হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে অনেকেই নীরবে চাঁদা দিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন যে, পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে মানুষকে জিম্মি করে লাখ লাখ থেকে কোটি কোটি টাকা আদায় করছে।
তিনি আরও বলেন, খুলনার মানুষ এভাবে বাঁচতে পারবেন না। এই পরিস্থিতি চলতে থাকলে শহরে কোনো উন্নয়ন হবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি নগরীতে বসবাস করতে বাধ্য হবেন। এর পরিণতিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ খুলনা ছেড়ে চলে যাবেন। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী খুলনা ত্যাগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসক ও ব্যবসায়ীরা এতটাই আতঙ্কিত যে, অনেকেই ফোন খুলে রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানে চাঁদাবাজি চলছে। মানুষ কোথায় অভিযোগ করবেন, কার কাছে নিরাপত্তা চাইবেন, তা নিয়েও দ্বিধায় রয়েছেন। খুলনায় অপরাধের বিস্তার শুধু ব্যবসাপ্রতিষ্ঠান বা দোকানপাটে সীমাবদ্ধ নেই বলে অভিযোগ করেছেন কেসিসি প্রশাসক। তাঁর বক্তব্য অনুযায়ী, হাসপাতাল, ক্লিনিক, সেবাকেন্দ্র, রেস্টুরেন্ট ও কোচিং সেন্টারেও হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। চিকিৎসক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এদিকে, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা ইনকিলাবকে বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা-, প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনার অভিযোগ সামনে আসার পরও কেন অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাচ্ছে না এ প্রশ্ন এখন নগরবাসীর আলোচনায়। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি কতটা জোরদার করা হয়েছে, তা নিয়েও জানতে চান সাধারণ মানুষ।
তিনি আরো বলেন, অপরাধীরা যদি প্রকাশ্যে কিংবা আড়ালে থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করতে পারে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু বিচ্ছিন্ন অভিযান পরিচালনা যথেষ্ট নয়। চাঁদাবাজির নেটওয়ার্ক, অর্থের লেনদেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং পেছনের শক্তিকে শনাক্ত করতে সমন্বিত তদন্ত জরুরি। একই সঙ্গে অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভুক্তভোগীরা সামনে আসবেন না। ফলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়বে।
সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ এ উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে হামলার অভিযোগে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্য রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন