প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষ সামাজিক জীব। একে অপরের সহযোগিতা, ভালোবাসা ও সহমর্মিতা ছাড়া মানুষের জীবন সুন্দর ও স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে না। পৃথিবীতে কেউ সুখে থাকে, কেউ দুঃখে; কেউ অভাবের সঙ্গে লড়াই করে, কেউ অসুস্থতায় কাতর হয়, আবার কেউ জীবনের নানা সংকটে দিশেহারা হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে একজন মানুষের প্রতি অন্যজনের সামান্য সহানুভূতি, সান্ত্বনার কয়েকটি কথা কিংবা সহযোগিতার ছোট্ট হাতও হয়ে উঠতে পারে বেঁচে থাকার বড় অবলম্বন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের মধ্যে এমনই এক মানবিক সমাজ গড়ে তুলেছিলেন, যেখানে ধনী-গরিব, আত্মীয়-অনাত্মীয়, পরিচিত-অপরিচিত—সবার প্রতি ভালোবাসা, দয়া ও সহমর্মিতার শিক্ষা দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১০)
তাই ভ্রাতৃত্বের দাবি হলো, একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে, কেউ অভাবে পড়লে সামর্থ্যবান ব্যক্তি সহযোগিতা করবে, কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হলে তা দূর করার চেষ্টা করবে। শুধু মুখে ভাই বললেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয় না; বরং পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়েই তার প্রকৃত প্রকাশ ঘটে।
অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করা
পরস্পর সহমর্মিতার সর্বোৎকৃষ্ট উদাহরণ তুলে ধরেছেন মহানবী (সা.)। তিনি মুমিনদের পারস্পরিক সম্পর্ককে একটি মানবদেহের সঙ্গে তুলনা করেছেন। নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি মানবদেহের মতো। যখন দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয়, তখন তার জন্য পুরো দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০১১)
নিজের জন্য যা ভালোবাসি, অন্যের জন্যও তা ভালোবাসা।
ইসলাম মানুষের আত্মকেন্দ্রিক মানসিকতা দূর করে অন্যের কল্যাণ কামনা করতে শেখায়। একজন প্রকৃত মুমিন শুধু নিজের সুখ, সফলতা ও নিরাপত্তা নিয়েই চিন্তা করেন না; বরং অন্যের জন্যও একই কল্যাণ প্রত্যাশা করেন। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, তার ভাইয়ের জন্যও তা ভালোবাসে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৩)
অসহায় ও অভাবীদের পাশে দাঁড়ানো
ইসলামে সহমর্মিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ হলো অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। শুধু নিজের ইবাদত-বন্দেগি নিয়ে ব্যস্ত থাকাই একজন মুমিনের দায়িত্ব নয়; বরং সমাজের দুর্বল মানুষের অধিকার আদায়েও তাকে সচেতন হতে হবে। আল্লাহ বলেন, ‘তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাবার দান করে। (তারা বলে,) আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দান করি। তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান কিংবা কৃতজ্ঞতা চাই না।’ (সুরা : দাহর, আয়াত : ৮-৯)
বিপদগ্রস্ত মানুষের কষ্ট দূর করার প্রতিদান।
মানুষের জীবনে বিপদ-আপদ আসতেই পারে। কেউ ঋণের চাপে বিপর্যস্ত হয়, কেউ রোগে আক্রান্ত হয়, কেউ পারিবারিক সংকটে পড়ে, আবার কেউ জীবিকার অভাবে দিশেহারা হয়ে যায়। এমন সময়ে একজন মুমিনের দায়িত্ব হলো, বিপদগ্রস্ত ব্যক্তির কষ্ট লাঘবে যথাসাধ্য চেষ্টা করা।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত মানুষের জন্য সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার জন্য সহজ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতায় থাকেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৯)
পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করা
ইসলাম শুধু আর্থিক সহযোগিতার মধ্যেই সহমর্মিতাকে সীমাবদ্ধ রাখেনি। বরং মানুষের প্রতি কোমল আচরণ, ভালোবাসা, স্নেহ ও দয়া প্রদর্শনকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০১৩)
সহমর্মিতা প্রতিষ্ঠায় প্রতিবেশীর অধিকার।
মানুষের জীবনে প্রতিবেশীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখে-দুঃখে প্রতিবেশীরাই অনেক সময় সবচেয়ে আগে পাশে দাঁড়ান। তাই ইসলাম প্রতিবেশীর অধিকার আদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। আবু শুরাইহ আল-খুযাঈ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কসম! সে মুমিন নয়, আল্লাহর কসম! সে মুমিন নয়, আল্লাহর কসম! সে মুমিন নয়।’ জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল! কে সে? তিনি বললেন, ‘যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬০১৬)
আল্লাহ তাআলা আমাদের পরস্পরের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শনের তাওফিক দান করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন