প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৪ শতাংশ বর্তমানে শ্রেণিকৃত হয়ে রয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় পৌঁছেছে। মোট বিতরণ করা ঋণের বিপরীতে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়ে ২০ হাজার ৮৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে খেলাপি ঋণও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৯৮ হাজার কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র প্রকাশিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকায় পৌঁছেছে। গত জুন শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় চার গুণ।
গত জুন মাসের শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর মাসের শেষে তা বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ এক প্রান্তিকে এই হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট। এ সময়ে নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়ে ১৬ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকায়। জুন মাসের শেষে যা ছিল ৫ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকায়। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হারও বেড়ে ৩২ দশমিক ১৯ শতাংশে পৌঁছেছে।
পরিসংখ্যানে দেখা যায়, শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর মাসের শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকায়। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণ রয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকায়।
এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংকগুলোর প্রয়োজনীয় প্রভিশন ছিল ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকায়।
তবে জুন মাসের তুলনায় প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। ওই সময় ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। একই সঙ্গে প্রভিশন কভারেজ অনুপাত বেড়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে, জুন মাসে যা ছিল ৫৪ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, বিপুল পরিমাণ খেলাপি ও মন্দ ঋণের পাশাপাশি প্রভিশন ঘাটতি ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঋণ আদায় পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংক খাতে ঝুঁকি আরও বাড়তে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন