প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে ট্রায়ালের জন্য নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন ছাত্রদল নেতা খালেদ মাসুদ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউপি অফিসের কাছে ঘটে এই দুর্ঘটনা। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
নিহত খালেদ মাসুদ ফুলবাড়ি ইউনিয়নের মাইজবাজ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদের ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে শুক্রবার সন্ধ্যায় হেতিমগঞ্জ বাজারে আসেন এক ব্যক্তি। ক্রেতা সেজে মোটরসাইকেলটি দেখে ট্রায়ালের কথা বলে সেটি চালানোর জন্য নেন। এ সময় খালেদ মাসুদ তার ছোট ভাইকে সঙ্গে দেন। কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি কৌশলে নিজের মোবাইল ফোনটি সড়কে ফেলে দেন। ফোনটি তুলতে গিয়ে খালেদের ছোট ভাই মোটরসাইকেল থেকে নেমে যান এবং এ সুযোগে ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে বন্ধুর মোটরসাইকেল নিয়ে খালেদ মাসুদ তার পিছু নেন। এক পর্যায়ে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু ঘটে।
রোববার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট-শ্যাওলা প্রকল্পের বেইস ক্যাম্পে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী খালেদ মাসুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন