প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় নির্মাণাধীন সাড়ে ৮ তলা ‘আমান টাওয়ার’ ভবনের অনুমোদন, নকশা ও প্রকৌশলগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর নড়েচড়ে বসেছে ভৈরব পৌরসভা। ভবন মালিককে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভবনটির নির্মাণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য মালিককে নোটিশ দেওয়া হবে। অনুমোদিত নকশা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী ভবনটি নির্মাণ করা হচ্ছে কি না, তা সরেজমিনে তদন্ত করা হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৮ থেকে ৯ ফুট গভীর ফাউন্ডেশনের ওপর সাড়ে ৮ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে ফাউন্ডেশনের সক্ষমতা, স্ট্রাকচারাল ডিজাইন, সেটব্যাক ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ভবনটির কন্ট্রাক্টর সাইফুল ইসলাম দাবি করেন, সিভিল ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজ চলছে এবং প্রকৌশলগত নিয়ম মেনেই ফাউন্ডেশন করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত নির্মাণের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবনটির মালিক মো. আমান মিয়া বর্তমানে কুয়েতে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, শুধু আমান টাওয়ার নয়, ভৈরব পৌর এলাকার সব বহুতল ভবনের অনুমোদিত নকশা, নির্মাণমান ও অগ্নিনিরাপত্তা নিয়মিতভাবে যাচাই করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন