প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ফলে স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করেছে। এতে মামলায় গ্রেফতার আসামির সংখ্যা এখন চারজনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।
গ্রেফতারের তালিকায় রয়েছে: মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত নগরীর কাটাবিল এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ, মৃত সুলতান মিয়ার ছেলে আশিক এবং ইকবাল মিয়ার ছেলে ইমন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ২৪ জুন সকালে এলাকার মানুষ মাদকের বিরুদ্ধে একটি মানববন্ধন করার প্রায় দুই ঘণ্টা পরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এ সময় টিফিন বিরতির সুযোগে স্কুল থেকে বের হওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনার পর ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে প্রথমে শ্রাবণ নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়। তার দেয় তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
রোববার (২৮ জুন) কক্সবাজারে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ আসিফ, আশিক ও ইমনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন