প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে, এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও চাঁদা আদায়ের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে।
সোমবার (৯ নভেম্বর) জারি করা এক নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, আলাউদ্দিন খন্দকার নামে সদরঘাটের এক লঞ্চ মালিক প্রধানমন্ত্রীর দপ্তরে সুমন সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি চিঠি দেন। চিঠিতে তিনি ঢাকা মহানগর দক্ষিণের ৪৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রবেল মিয়া ও ছাত্রদল নেতা সুমন সরদারের চাঁদাবাজির প্রতিকার কামনা করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আলাউদ্দিন খন্দকার যুগান্তরকে জানান, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে রাজধানীর লালকুঠি ঘাট এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল এসে তাকে অপহরণ করে। পরে শ্যামবাজারে ৪৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার অফিসে তাকে আটক রেখে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। এ সময় ব্যবসায়িক লেনদেনের বিরোধের কারণে তাকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর মধ্যে তারা ৩ লাখ ৪ হাজার টাকা আদায় করে। এছাড়া ১৮ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও তিনি করেন।
অভিযোগ অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলা বাজারের চৌরঙ্গী হোটেলের সামনে থেকে তাকে পুনরায় তুলে নেওয়া হয়। এ সময় ভুক্তভোগী দাবি করেন, সুমন সরদার ও ঢাকা মহানগরের ৪৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়াসহ ১০-১৫ জন উপস্থিত ছিলেন। তাকে মোটরসাইকেলে তুলে শ্যামবাজারে রুবেল মিয়ার অফিসে আবারও মারধর করা হয় এবং পকেটে থাকা এক লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। টাকা পরিশোধ করতে না পারলে তার ২ কোটি টাকা মূল্যের লঞ্চ বুঝিয়ে দিতে হবে বলেও চাপ দেওয়া হয় বলে তিনি জানান।
এ ঘটনায়, আলাউদ্দিন ৫ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। আলাউদ্দিন দাবি করেন, এসব ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শোকজ ও অভিযোগের বিষয়ে জানতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন