প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’। হাজীগঞ্জের ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন সাধারণ মানুষের ভয়, সংকোচ ও দ্বিধা দূর করতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, সেবাগ্রহীতারা কোনো পূর্বানুমতি ছাড়াই সরাসরি ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রতিদিন বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা পাওয়ার আশায় আসা মানুষের পদচারণায় মুখরিত থাকে তাঁর কার্যালয়। ইউএনও ধৈর্য সহকারে সবার কথা শুনছেন এবং সাধ্যমতো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউএনও কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিলাতী বেগম নামের সত্তরোর্ধ্ব এক নারী ইউএনওর সঙ্গে কথা বলছেন এবং তিনি মনোযোগ দিয়ে ওই নারীর সমস্যার কথা শুনছেন। ভূমিসংক্রান্ত বিরোধ, জন্মনিবন্ধন ও বিভিন্ন সরকারি ভাতাসংক্রান্ত সমস্যাসহ নানা প্রয়োজনে আসা সাধারণ মানুষের ব্যাপক চাপ সামলাতে হচ্ছে তাঁকে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে ইউএনও এই ব্যবস্থা চালু করেছেন। আনুষ্ঠানিকতা ছাড়াই সরকারি সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে জনবান্ধব প্রশাসনের এ দৃষ্টান্ত স্থাপন করায় তিনি প্রশংসিত হচ্ছেন। সেবাগ্রহীতাদের প্রত্যাশা, দেশের অন্যান্য সরকারি দপ্তরেও যাতে সাধারণ মানুষ কোনো সংকোচ ছাড়াই সেবা নিতে পারেন, এমন ব্যবস্থা চালু হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, "প্রতিদিন প্রায় শতাধিক মানুষ নানা বিষয় নিয়ে আমার দপ্তরে আসেন। দাপ্তরিক কাজের ফাঁকে তাঁদের সেবা দেওয়ার চেষ্টা করি। এতে কাজে কিছুটা চাপ তৈরি হলেও দিন শেষে মানসিক তৃপ্তি পাই। তবে আমার পরে যিনি ইউএনও হিসেবে আসবেন, তিনি এ বিষয়টিকে কীভাবে নেবেন, তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন