প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের সিটের নিচে ও পেছনের গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বুধবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জারিয়া থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে বাড়হা বোর্ড বাজারের মাসুম টেলিকমের সামনে অবস্থান নেয় ডিএনসির একটি দল। দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে সেখানে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ভ্যানটির চালকের আসনের নিচে ও পেছনের অংশে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। সেখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল ভারতীয় বিদেশি মদ, যার মোট পরিমাণ ৬৬ লিটার।
জব্দ করা মদের মধ্যে রয়েছে ৭৫০ মিলিলিটারের ৪৬ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড। মদের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত অটোভ্যান ও আটক ব্যক্তির ব্যবহৃত একটি টিসিএল ব্র্যান্ডের মুঠোফোন জব্দ করা হয়েছে।
আটক আনোয়ার হোসেন দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু বক্কর ও মোছা. আনোয়ার খাতুনের ছেলে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএনসির পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন