প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট এম তাহসিফ সৌরির অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। দলটি তাঁর রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, রাজধানীর তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও রহস্যজনক। নিখোঁজ হওয়ার পরদিন এই ঘটনা ঘটেছে, যা জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি করেছে। নেতৃদ্বয় বলেন, শেখ হাসিনার দেশত্যাগের সময় ধারণ করা বহুল আলোচিত একটি ভিডিওর সঙ্গে তাহসিফের নাম বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। তাঁর মৃত্যুর সঙ্গে ওই ঘটনা বা অন্য কোনো বিষয়ের যোগসূত্র রয়েছে কি না, তা এখন পর্যন্ত প্রমাণিত নয়।
তাহসিফের মৃত্যু নিয়ে অনুমাননির্ভর সিদ্ধান্তে না গিয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জনগণের সামনে তুলে ধরা জরুরি। তারা বলেন, সাম্প্রতিক সময়ে খুন, অপহরণ, ছিনতাই, সন্ত্রাস ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাহসিফের অস্বাভাবিক মৃত্যু সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। একজন সাবেক সামরিক কর্মকর্তার নিখোঁজ হওয়া এবং পরদিন নদ থেকে তাঁর লাশ উদ্ধারের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
নেজামে ইসলাম পার্টির নেতৃদ্বয় বলেন, তাহসিফের মৃত্যু দুর্ঘটনা, স্বাভাবিক কোনো কারণে, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে—তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে। তদন্তের আগেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা প্রকৃত সত্য আড়াল করার কোনো প্রচেষ্টা জনমনে সন্দেহ আরও ঘনীভূত করবে। ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরিচয় ও অবস্থান বিবেচনা না করে তাদের আইনের আওতায় আনতে হবে।
তারা অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন যথাসময়ে প্রকাশ, তাহসিফের নিখোঁজ হওয়ার আগের ও পরের ঘটনাপ্রবাহ এবং তাঁর সর্বশেষ যোগাযোগ ও চলাচল যথাযথভাবে অনুসন্ধান, প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল আলামত সংরক্ষণ এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে দেশবাসীকে নিয়মিত ও বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার আহ্বান জানান। তাহসিফের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে কোনো গড়িমসি করা চলবে না। দ্রুততম সময়ের মধ্যে একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের শনাক্ত করে আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন এড়াতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন