প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৫ শতকের প্রথমার্ধে এশিয়ার সামুদ্রিক কূটনীতি ও বাণিজ্যিক ইতিহাসে একটি অনন্য অধ্যায়ের সূচনা ঘটে। ১৪১৪ খ্রিষ্টাব্দের ২০ সেপ্টেম্বর, সালতানাতের বাংলার কূটনৈতিক প্রতিনিধিদল চীনের মিং রাজবংশের সম্রাট ইয়ং-লে (Yong-le)-এর দরবারে উপহার হিসেবে একটি জিরাফ পেশ করে। ইতিহাস গবেষক স্যালি কে. চার্চের একটি নিবন্ধে উল্লেখ করা হয়েছে, চীনা রাজকীয় নথি মিং শি-লু (Ming Shi-lu)-তে এই ঐতিহাসিক ঘটনাটি গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ হয়েছে। এটি বাংলার সুলতানের পক্ষ থেকে চীনের রাজাকে প্রদত্ত একটি বিরল ও বিচিত্র উপহার ছিল। এই উপহার বাংলা ও চীনের মধ্যে বাণিজ্য, কূটনীতি ও বন্ধুত্বের উজ্জ্বল নিদর্শন হিসেবে চিহ্নিত হয়।
চীনা নথিতে উল্লেখ রয়েছে, ‘বাং-গে-লা’র (বাংলা) ইলিয়াস শাহি রাজবংশের সুলতান সাইফুদ্দীন হামজা শাহ (সাই-ফু-ডিং) রাজকীয় সনদপত্র, স্থানীয় বিভিন্ন উপহার এবং ঘোড়ার সঙ্গে একটি জিরাফ চীনের মিং দরবারে পাঠান। প্রকৃতপক্ষে, জিরাফ বাংলার স্থানীয় প্রাণী নয়। গবেষকদের মতে, এটি বর্তমান কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দি থেকে উপহার বা বাণিজ্যের মাধ্যমে বাংলায় পৌঁছেছিল এবং পরবর্তী সময়ে বাংলার সুলতান মিং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে সুদৃঢ় করতে এটি চীনের সম্রাটকে উপহার দিয়েছিলেন। এই সময়ে মিং চীনের সেনাপতি ঝেং হে-এর বিখ্যাত সমুদ্র অভিযানের পাশাপাশি চীনের দূত ইয়াং চি, হৌ শিয়েন ও ফেই সিন এবং বাংলার প্রতিনিধিরা একে অপরের দেশে নিয়মিত যাতায়াত করতেন।
চীনা সংস্কৃতিতে জিরাফ সাধারণ প্রাণী হিসেবে গণ্য হতো না। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী, এটি ছিল প্রাচীন পুরাণের শুভ প্রতীক ‘কিলিন (Qi-lin)’। চৈনিক ঐতিহ্যে কিলিন একটি শৃঙ্গবিশিষ্ট পরম দয়ালু প্রাণী হিসেবে বিবেচিত হয়। লোকবিশ্বাস ছিল যে, যখন দেশে কোনো সুশাসক সিংহাসনে বসেন এবং স্বর্ণযুগের সূচনা হয়, তখনই কেবল এই প্রাণীর আবির্ভাব ঘটে।
সম্রাট ইয়ং-লে অলৌকিক লক্ষণের চেয়ে সুশাসনকে বেশি গুরুত্ব দিতেন। তবে এই বিরল উপহার দেখে তিনি মুগ্ধ না হয়ে পারেননি। দরবারের খ্যাতনামা চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফার শেন দু (Shen Du)-কে তিনি নির্দেশ দেন জিরাফটির ছবি আঁকতে।
শিল্পী তুলি ধরলেন রেশমি কাপড়ে। জন্ম নিল ঐতিহাসিক চিত্রকর্ম ‘ট্রিবিউট জিরাফ উইথ অ্যাটেনডেন্ট’। ছবিতে জিরাফের গায়ে তিনি ফুটিয়ে তুললেন আঁশের নকশা, যাতে কিলিনের পৌরাণিক রূপের আভাস মেলে। ছবির শীর্ষে যুক্ত হলো সম্রাটের প্রশংসায় রচিত একটি কবিতা—‘ইয়ংলে শাসনামলের জিয়াওউ বর্ষের (১৪১৪) শরৎকালের নবম মাসে, রাষ্ট্রের চিরস্থায়ী শান্তির লক্ষণ হিসেবে, প্রকৃত কিলিনের জন্ম হয়। এর উচ্চতা পাঁচ ঝাং (প্রায় ১৬.৬ মিটার)। এর দেহ নদীতীরের হরিণের মতো এবং খুর ঘোড়ার মতো, এটি ধীরস্থির ও স্থির পদক্ষেপে চলাফেরা করে। হানলিন একাডেমির জ্যেষ্ঠ সংকলক শেন দু, আপনাদের অনুগত সেবক, বিনীতভাবে এই নিবেদন পেশ করছে।'
জিরাফ উপহারের মাধ্যমে গড়ে ওঠা বাংলা ও মিং চীনের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব ১৪২০ সালের একটি ঘটনায় স্পষ্ট হয়। বাংলার সুলতান জালালুদ্দিন মুহাম্মদ শাহের শাসনামলে জৌনপুরের সুলতান ইব্রাহিম শারকী বাংলার ভূখণ্ডে একাধিক সামরিক অভিযান চালান। পরিস্থিতি মোকাবিলায় বাংলার সুলতান মিং চীনের সম্রাট ইয়ং-লের দরবারে অভিযোগ জানান।
বাংলার সুলতানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪২০ সালের অক্টোবরে সম্রাট ইয়ং-লে বিশ্বস্ত দূত হৌ শিয়েনকে একটি প্রতিনিধিদলসহ জৌনপুরে পাঠান। তাদের দায়িত্ব ছিল বাংলার সঙ্গে জৌনপুরের বিরোধ মিটিয়ে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সম্রাটের নির্দেশ পৌঁছে দেওয়া। হৌ শিয়েনের দল প্রথমে বাংলায় পৌঁছায় এবং সেখান থেকে জৌনপুরের উদ্দেশে যাত্রা করে। চীনা প্রতিনিধিদলের এই উদ্যোগ ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক রাজনীতিতে মিং সাম্রাজ্যের কূটনৈতিক প্রভাবের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পরবর্তী সময়ে জৌনপুরের সঙ্গে বাংলার সংঘাত প্রশমিত হয়।
ইতিহাসের এই জিরাফ উপহারের পেছনে ছিল আরো বড় একটি গল্প। এটি শুধুমাত্র বিরল প্রাণী উপহার দেওয়ার ঘটনা ছিল না, বরং পনেরো শতকে বাংলার সঙ্গে দূরদেশের যোগাযোগ ও সম্পর্কেরও প্রমাণ দেয়। সে সময় বাংলার যোগাযোগের পরিধি যে কতটা বিস্তৃত ছিল, তা এই ঘটনা থেকেই বোঝা যায়। মিং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে পূর্ব আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরীয় বাণিজ্যপথ—সবকিছুর সঙ্গেই বাংলা কোনো না কোনোভাবে যুক্ত ছিল। সুতরাং সুলতানি আমলে বাংলা শুধু আঞ্চলিক শক্তি ছিল না, বরং আন্তর্জাতিক যোগাযোগের জগতেও তার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন