প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, বেশিরভাগ এজেন্ট পয়েন্ট এবং ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পারায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন হচ্ছে না। জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।
কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ ভুক্তভোগী গ্রাহক জাবেদ জানান, "সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ অথবা টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা মারা। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবে, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।"
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, গত বুধবার রাত থেকে তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তার মোবাইলে একটি বার্তা আসে, যেখানে জানানো হয়, তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, "বিকাশেই আমি নিয়মিত লেনদেন করি। আমার প্রয়োজনীয় সব টাকা বিকাশে রয়েছে। এখন টাকা ব্যবহার করতে না পারায় চরম সমস্যায় পড়েছি।"
ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ জানান, "আমাদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় টাকা ক্যাশ আউট করতে পারছি না। কিছু নম্বর এখনো সচল রয়েছে, সেগুলো দিয়েই আপাতত কাজ চালাচ্ছি।"
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, "গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার সেবা চালু হতে পারে।"
হঠাৎ করে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত বিকাশ ও নগদের স্বাভাবিক কার্যক্রম চালু এবং গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন