প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগংয়ের (ইউওডব্লিউ) সঙ্গে ২+২ ও ৩+১ শিক্ষাপথ চালুর জন্য সমঝোতা করেছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই সমঝোতা বুধবার (২৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার উলংগংয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত এক বৈঠকে সম্পন্ন হয়। ডিআইইউর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান বৈঠকে নেতৃত্ব দেন।
সমঝোতার আওতায়, ডিআইইউর ব্যাচেলর অব এন্ট্রাপ্রেনিউরশিপ, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ এবং ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) প্রোগ্রামের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অস্ট্রেলিয়ায় পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ২+২ শিক্ষাপথে শিক্ষার্থীরা ডিআইইউতে দুই বছর এবং উলংগং বিশ্ববিদ্যালয়ে পরবর্তী দুই বছর অধ্যয়ন করবেন। অন্যদিকে, ৩+১ শিক্ষাপথে ডিআইইউতে তিন বছর পড়াশোনার পর উলংগং বিশ্ববিদ্যালয়ে এক বছর অধ্যয়নের সুযোগ থাকবে। এই সুবিধা সংশ্লিষ্ট প্রোগ্রামের অনুমোদন, ক্রেডিট স্থানান্তর এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক শর্ত পূরণের ওপর নির্ভরশীল।
বৈঠকে ডিআইইউর প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া জোনে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি আবদুল খান রতন। উলংগং বিশ্ববিদ্যালয়ের পক্ষে বৈঠকে ছিলেন গ্লোবাল এনগেজমেন্টের অন্তর্বর্তীকালীন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জিয়াংতাও শি, ফ্যাকাল্টি অব আর্টস, সোসাইটি অ্যান্ড বিজনেসের ডেপুটি ডিন অধ্যাপক ভেঙ্কাটা ইয়ানামান্দ্রাম, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেসের ডেপুটি ডিন অধ্যাপক ফিলিপ ওগুনবোনাসহ গ্লোবাল পার্টনারশিপস বিভাগের প্রতিনিধিরা।
এই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষাব্যবস্থায় অধ্যয়নের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এতে আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া, নতুন দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হবে।
ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং যৌথ শিক্ষাদানের ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। পারস্পরিক সমঝোতা ও একাডেমিক অনুমোদন সাপেক্ষে এই সহযোগিতা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামেও বিস্তৃত হতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালের জুনে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭ অনুযায়ী, ইউনিভার্সিটি অব উলংগং বিশ্বে ১৯৫তম এবং অস্ট্রেলিয়ায় ১৩তম অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন