প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের মতে, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কর্মরত আছেন। গত সেপ্টেম্বর মাসের বেতন ও ভাতা পরিশোধ না করেই কর্তৃপক্ষ গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটির মধ্যেই সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তাঁরা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নেন, যার ফলে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক জানিয়েছেন, ‘এখনো আমরা গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাইনি। বেতন না পাওয়ায় ঘরভাড়া দিতে পারছি না, দোকানেও বাকি পড়েছে। ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে আছি।’
লাকী স্টার অ্যাপারেলস লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক মো. ফজলে আজিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেছেন, কর্তৃপক্ষ শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধ না করে কারখানাটি বন্ধ রেখেছেন। বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন