প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরিয়া ও ইরাক বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারেক নিশ্চিত করে বলতে পারেননি যে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা একটি ভুল সিদ্ধান্ত ছিল কি না। তবে তিনি অকপটে স্বীকার করেছেন যে, এই সংঘাতের অনেক ‘অনিচ্ছাকৃত পরিণতি’ রয়েছে। অর্থাৎ, যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে তিনি মেনে নিয়েছেন।
মঙ্গলবার কাতারের রাজধানী দোখায় অনুষ্ঠিত কাতার গ্লোবাল সিকিউরিটি ফোরামে আল জাজিরার ডিপ্লোমেটিক এডিটর জেমস বে-এর সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
টম ব্যারেক সতর্ক করে বলেছেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে না, বরং তা দ্রুত আশপাশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের পক্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গভীর পারস্পরিক ‘অবিশ্বাস’ এই শান্তির পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারেক।
টম ব্যারেক জানান, যুক্তরাষ্ট্র সবসময়ই তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চায়। কিন্তু আলোচনা শুরুর পর থেকেই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে আস্থার অভাব। তার মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং যুক্তরাষ্ট্রও আইআরজিসিকে বিশ্বাস করতে প্রস্তুত নয়।
হরমুজ প্রণালীর সংকটের সমাধান প্রসঙ্গে মার্কিন দূত বলেন, হরমুজ প্রণালীতে একটি যুদ্ধবিরতি এই অঞ্চলভিত্তিক বৃহত্তর চুক্তির ভিত্তি হতে পারে। এই চুক্তির মধ্যে প্রণালীতে যুদ্ধবিরতি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ ইরানি জনগণের ওপর অর্থনৈতিক ও অন্যান্য দুর্ভোগের মাত্রা কমিয়ে আনার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকা উচিত। তিনি জোর দিয়ে বলেন, সংকট নিরসনে অর্থনৈতিক সমৃদ্ধিই একমাত্র সমাধান।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন দূতের এই বক্তব্য কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে ওয়াশিংটনের মনোভাবের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই বিশ্বাসের ঘাটতি দূর করে আস্থার পরিবেশ তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন