প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর মার্কিন ঘাঁটিতে হামলার জন্য ইরান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে। এই তথ্যটি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ মাসে ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা পোর্ট শুয়াইবায় ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে ইরান সহায়তা পেয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। এই হামলায় ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত হন।
রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন হিসেবে জমা দেওয়া হয়েছিল।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে জানায় যে, তাদের কাছে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়ার তথ্য নেই। ইউক্রেন ও ইরানের যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতে স্টারলিংকের ব্যবহার, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতাধীন বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের অভিযোগ নিয়ে উদ্বেগ ও নজরদারি ক্রমশ বাড়ছে।
ইরানে স্টারলিংক পরিচালনার অনুমোদন না থাকলেও ইলন মাস্ক পূর্বে জানিয়েছিলেন যে, দেশটিতে এই সেবা চালু রয়েছে। অভ্যন্তরীণ অস্থিরতার সময় ইরান সরকার সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ঘটনার পর মার্কিন সরকার গোপনে ইরানে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন