প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদের ঘটনার পর দায়ের করা মামলায় কারাগারে থাকা তোফায়েল খাঁ (২৮) আট দিন পর জামিন লাভ করেছেন।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত থেকে জামিন পান। গত ১৬ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারিক আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছিলেন।
তোফায়েলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই রানা খান (৩৫)।
এর আগে তোফায়েলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এলাকায় মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার কারণে পূর্বশত্রুতার জেরে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। মামলার বাদী ওয়াসিম মিয়া প্রতিশোধপরায়ণ হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন বলে দাবি করেছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত ঘটে ২০২৫ সালের ৬ অক্টোবর বিকেলে উপজেলার খান ঠাকুর দীঘিরপাড় এলাকায়। ওই দিন ইমন মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, তিনজন একটি মোটরসাইকেলে করে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন ধাওয়া করেন। এ সময় দুজন পালিয়ে গেলেও ইমনকে আটক করা হয়। পরে উত্তেজিত লোকজন মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক যুবককে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর মো. ওয়াসিম মিয়া আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৬ অক্টোবর খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় তাঁর বসতবাড়ির সামনের সড়কে কয়েকজন ব্যক্তি তাঁকে আক্রমণের চেষ্টা করেন। এ সময় তাঁর ব্যবহৃত অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মামলায় তোফায়েল খাঁ (২৮), জামান মিয়া (২৫) ও মুসা মিয়া (২৮)-এর নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ হতে পারে না। যদি এমন প্রতিবাদের কারণে কাউকে হয়রানির শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক উদ্যোগে অংশ নিতে নিরুৎসাহিত হবেন। তাঁরা মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং তোফায়েলের মুক্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “মামলাটি আমি অষ্টগ্রাম থানায় যোগদানের আগেই আদালতে দায়ের করা হয়েছিল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোনো মাদক কারবারি যদি প্রতিবাদী যুবকদের হয়রানি করে থাকে, তাহলে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও জানান, মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন