প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য নতুন নিয়ম প্রণয়ন করছে। প্রস্তাবিত জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালায় নিয়োগের ধরন, যোগদানের তারিখ, বয়স, শিক্ষাবর্ষ এবং ফলাফলের ভিত্তিতে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের বিস্তারিত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়া বিধিমালার শুরুতেই উল্লেখ করা হয়েছে যে, এর বিধান সব নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে। উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা পরবর্তী সময়ে একই পদ্ধতিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের তুলনায় অধিক জ্যেষ্ঠতা লাভ করবেন।
যদি উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে একই সময়ে দুই বা ততোধিক ব্যক্তি কমিটি বা কমিশনের সুপারিশে নিয়োগ পান, তবে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট কমিটি বা কমিশনের প্রস্তুত করা মেধাতালিকার ভিত্তিতে। যদি মেধাতালিকা না থাকে বা না পাওয়া যায়, তাহলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
যদি বয়সও একই হয়, তবে শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষকে বিবেচনায় নেওয়া হবে। শিক্ষাবর্ষও যদি একই হয়, তাহলে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সমন্বিত জ্যেষ্ঠতার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মাবলী রাখা হয়েছে। পদোন্নতিযোগ্য পদের ফিডার পদে নিয়মিত যোগদানের তারিখের ভিত্তিতে সমন্বিত জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। যোগদানের তারিখ যদি একই হয়, তবে বয়স এবং বয়সও যদি একই হয়, তাহলে শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষকে বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি ফিডার পদের মেধাক্রম অনুযায়ীও জ্যেষ্ঠতা নির্ধারণের কথা বলা হয়েছে।
বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রেও, আগে সুপারিশ পাওয়া কর্মকর্তারা পরবর্তী সময়ে সুপারিশ পাওয়া কর্মকর্তাদের তুলনায় অধিক জ্যেষ্ঠতা পাবেন। একই ব্যাচের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুপারিশ করা হলে, বয়সের ভিত্তিতে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
খসড়া বিধিমালায় আরও উল্লেখ করা হয়েছে যে, পদোন্নতিযোগ্য শূন্য পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা যাবে। তবে লিয়েন বা চলতি দায়িত্বের কারণে সৃষ্ট শূন্য পদের বিপরীতে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া যাবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. মোস্তফা জামান মন্তব্য করেন, "ক্যাডার ও নন-ক্যাডার জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা প্রণয়নের কাজ চলছে। খসড়া তৈরি করে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। এখনো বিধিমালাটি চূড়ান্ত হয়নি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন