প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার সাভারে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ।
রবিবার দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাত ১০টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার বাজার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মিন্টু (৪৪) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। মিন্টু পীরগাছা উপজেলার সুল্লিপাড়া গ্রামের ফুল মিয়ার পুত্র।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ জুলাই নিহতের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক এক কিশোরীকে নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় কিশোরীর বাবা পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ কিশোরীর অবস্থান সাভারে শনাক্ত করে।
গত ৬ আগস্ট রাতে, কয়েকজন ব্যক্তি পুলিশকে সঙ্গে নিয়ে সাভারের বিপিএসসিটি এলাকার একটি আবাসিক ভবনে গিয়ে নিজেদের নিহত মোনারুল ইসলাম বকশীর আত্মীয় পরিচয় দেন। ভবনের নিরাপত্তাকর্মী তাদের প্রবেশের অনুমতি দিলে তারা ফ্ল্যাটে তল্লাশি চালান। কিশোরীকে না পেয়ে মোনারুল ইসলাম বকশীকে ভবনের ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাবের ভাষ্যমতে, একপর্যায়ে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সময় মোনারুল ইসলাম বকশীকে পাঁচতলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার মিন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন