প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ‘আমেরিকা ইন কালার’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর ইএমকে সেন্টারে ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীতে বাংলাদেশের ২৯ জন তরুণ শিল্পীর ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব শিল্পকর্মের মাধ্যমে স্বাধীনতা, সংস্কৃতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ নিয়ে শিল্পীদের ভাবনা প্রকাশিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) প্রদর্শনীটি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়েন ডাও। তারা শিল্পকর্মগুলো ঘুরে দেখেন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনে অংশ নেওয়ার জন্য শিল্পীদের ধন্যবাদ জানান।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি এনগেজমেন্ট ডিরেক্টর (কালচারাল) চার্ড এ ব্রুনার প্রদর্শনী সম্পর্কে বলেন, এখানে নতুন ও তরুণ শিল্পীদের পাশাপাশি অভিজ্ঞ শিল্পীদের কাজও স্থান পেয়েছে। বিভিন্ন পর্যায়ের শিল্পীদের কাজ তুলে ধরতে পেরে তারা আনন্দিত। নতুন শিল্পীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের মানুষ দেশটিকে কীভাবে দেখেন, সে বিষয়ে তাদের ভাবনা জানতে চেয়েছে দূতাবাস। শিল্পকর্মের মাধ্যমে সেই দৃষ্টিভঙ্গির কিছু অংশ তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘আপনার চোখে ২৫০ বছরের আমেরিকা কেমন?’—এই প্রতিপাদ্যে ১৫ থেকে ৩৫ বছর বয়সী শিল্পীদের কাছ থেকে মৌলিক শিল্পকর্ম আহ্বান করে যুক্তরাষ্ট্র দূতাবাস। ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলা এ আহ্বানে ৯০ জন শিল্পী ১৩০টি শিল্পকর্ম জমা দেন। সেখান থেকে ৩০টি কাজ প্রদর্শনীর জন্য বাছাই করা হয়। নির্বাচিত কাজের মধ্যে রয়েছে চিত্রকর্ম, বস্ত্রশিল্প এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস, সাংস্কৃতিক পরিচয় ও স্বাধীনতাকে ঘিরে নানা সৃজনশীল উপস্থাপনা।
প্রদর্শনীতে নিজের কাজ স্থান পাওয়ায় আনন্দ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী সজল জামাদ্দার। তিনি জানান, উদ্ভাবন ও মানুষের স্বাধীনতার বিষয় নিয়ে তৈরি তার শিল্পকর্মটি নির্বাচিত হওয়ায় তিনি খুবই খুশি। যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে নিজের ছবি প্রদর্শনের সুযোগ পাওয়াকে আনন্দের বলে উল্লেখ করেন তিনি।
ফ্রিল্যান্স শিল্পী তানজিলা সুমাইয়া সিদ্দিকী বলেন, ‘বিয়ন্ড বাউন্ডারি’ শিরোনামের কাজের মাধ্যমে নিজের আবেগ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন সংস্কৃতির মধ্যে শিল্পের আদান-প্রদান বা ক্রস-কালচারাল কাজের সুযোগ পেলে তিনি আনন্দিত হন। স্বাধীনতা বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। সেই আবেগই নিজের শিল্পকর্মে তুলে ধরার চেষ্টা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন