প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় ৮০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে পাবনা থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানোন্নয়ন এবং রেলপথ প্রসারিত করার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচলের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনের পর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যায়।
উদ্বোধনকালে সাংবাদিকদের শেখ রবিউল ইসলাম বলেন, ‘পাবনাবাসীর জন্য এটি নিশ্চিতভাবেই একটি আনন্দঘন মুহূর্ত। অল্পতম সময়ে এটি একটি নিরাপদ যাত্রা হবে। এটি সরকারের অঙ্গীকার ছিল; পাশাপাশি এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরাও জনগণের আস্থার মর্যাদা রাখলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা অঙ্গীকার করতে চাই, আগামীতে বাংলাদেশের রেলের মান, এর সার্ভিস এবং রেলযাত্রা আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা ও রেলসচিব ফাহিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালুর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় ট্রেনটি ছেড়ে গেলেও আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। নতুন সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন