প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে (২০২৫-২০২৭) বাংলাদেশের ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
মিরপুরে তিনদিনের ক্যাম্প করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ, যেখানে জাতীয় দলের আশপাশে থাকা ও উঠতি স্পিনারদের নিয়ে কাজ করা হচ্ছে। আজ অনুশীলন শেষে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়! আমরা এখন দারুণ অবস্থায় আছি। আমরা ভালো খেলা অব্যাহত রাখা এবং বিশ্বাস বজায় রাখতে পারলে ইনশাআল্লাহ, পুরো পথ অতিক্রম করার সঠিক সময় আমাদের কাছে আছে।’
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৬ ম্যাচ খেলে ৩টিতে জয়, ২টিতে হার ও ১টি ড্র করে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। এই চক্রে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ জিতেছে বাংলাদেশ।
গত মাসে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে। ডারউইনে প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দাপট দেখিয়ে টাইগাররা ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অসিদের বিপক্ষে জয় তুলে নিয়ে তারা সিরিজ সমতায় শেষ করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ম্যাকাইতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে যায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে উল্লেখ করে মুশতাক বলেন,‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে বা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর বিশ্বাস থাকলে, জয় অসম্ভব নয়। পাকিস্তানকে আমরা শেষ দুই ম্যাচেই হারিয়েছি। এখন বাংলাদেশ দল হারার ভয় পায় না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে বাংলাদেশের জন্য আরও ছয়টি ম্যাচ বাকি রয়েছে। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দু’টি করে টেস্ট খেলবে টাইগাররা।
মুশতাক বিসিবির গেম ডেভেলপমেন্ট ও হাই পারফরমেন্স প্রোগ্রামের আওতায় থাকা ২০ স্পিনারকে নিয়ে কাজ করছেন। তিনি অনুশীলনে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্পিনারদের টেকনিক ও ভুলত্রুটি নিয়ে কাজ করছেন। তিনটি ক্যামেরার মাধ্যমে তিন দিক থেকে স্পিনারদের বোলিং অ্যাকশন রেকর্ড করা হচ্ছে।
স্পিনারদের নিয়ে অনুশীলনের বিষয়ে মুশতাক বলেন, ‘আমি মনে করি, বিসিবি ও হাই পারফরমেন্স ইউনিটের এটি একটি দারুণ উদ্যোগ। আমরা এখানে তিনটি ক্যামেরা দিয়ে সামনে-পেছন ও পাশ থেকে স্পিনারদের বোলিং অ্যাকশন রেকর্ড করছি। এতে স্পিনারদের অ্যাকশন নিয়ে ভালোভাবে কাজ করা সম্ভব হচ্ছে। এ ছাড়াও স্থানীয় কোচদের সঙ্গে নিয়েও আমরা কাজ করছি। যাতে তারা স্পিন বিভাগ ও পরিস্থিতি সামলানোর বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। আমরা এখানে মূলত মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। সব স্পিনারের অ্যাকশন, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন