প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরের প্রেক্ষাপটে নীলফামারীর সৈয়দপুরে সাজসাজ রব বিরাজ করছে। আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী আসার আগে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে অবস্থিত ময়লার ভাগাড় বালু চাপা দিয়ে ঢেকে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এর পাশাপাশি শহরজুড়ে সড়ক সংস্কার, ডিভাইডারে রঙ এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা যে দুর্ভোগ থেকে মুক্তির দাবি জানিয়েছেন, ভিআইপি সফরের কারণে তা ঢাকতেই এই তড়িঘড়ি আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে করে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি সড়কপথে রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। বেলা ১১টায় পরিদর্শন শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করবেন বলে চারদিকে চলছে ধোয়া-মোছা ও সাজসজ্জার কাজ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শহরের বাসাবাড়ি, হাসপাতাল এবং হোটেলের বর্জ্য উন্মুক্ত অবস্থায় এই স্থানে ফেলা হয়। দীর্ঘদিন ধরে এই স্তূপ থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে পথচারী ও স্থানীয়দের যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছিল। তারা দাবি জানিয়ে আসছেন যে, এটি স্থায়ীভাবে অপসারণ করা হোক। তাদের বক্তব্য, শুধুমাত্র প্রধানমন্ত্রীর সফরের জন্য লোকদেখানো পরিষ্কার না করে, সাধারণ মানুষের স্বার্থে এই পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখা উচিত।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা মন্তব্য করেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওই সড়ক দিয়ে রংপুরে যাবেন। তার সফরকে কেন্দ্র করে প্রোটোকল রক্ষা ও শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আমরা বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। সড়ক সংস্কার ও ডিভাইডারগুলো রঙ করার পাশাপাশি বর্জ্যের স্তূপগুলো বালু দিয়ে ঢেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে। গত রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশের সেই ময়লার ভাগাড় আগের মতো নেই। ময়লার স্তূপের ওপর থেকে কিছু ময়লা অপসারণ করে বালুচাপা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর ফলে এলাকাটি পরিচ্ছন্ন দেখাচ্ছে। আগে পথচারীসহ সড়ক ব্যবহারকারীরা দুর্গন্ধে নাক চেপে চলাচল করলেও এখন তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন