প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে বুকে ব্যথা অনুভব করার পর ফখরুল ইসলাম (৪২) নামের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু ঘটে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ফখরুল ইসলাম কুমিল্লার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রায় দেড় মাস আগে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
জানা গেছে, ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সিআইডি দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে সহকর্মীরা তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সোয়া ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব জানান, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই তার মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন