প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পের পানির সরবরাহ লাইনে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, ঘটনাটি পরিকল্পিত ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে, পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রবিবার (২৬ জুলাই) সকালে ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ ও পানিতে সাদা ফেনা দেখতে পান। তাদের সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান করা থেকে বিরত থাকেন। পরে পানির সরবরাহ লাইনের ট্যাংক খুলে সেখানেও ফেনা দেখা যায়।
এ ঘটনা জানার পর জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করেন। পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, পানির সরবরাহ লাইনের কাছাকাছি এলাকা থেকে বিষের একটি খালি কৌটাও উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম বলেন, তীব্র দুর্গন্ধ লক্ষ্য করে ধারণা করা হচ্ছে, সম্ভবত ফসলের ক্ষেতে ব্যবহৃত কোনো কীটনাশক পানিতে মেশানো হতে পারে। সব জায়গায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত ও অন্তর্ঘাতমূলক বলেই মনে হচ্ছে।
তিনি আরও জানান, সময়মতো বিষয়টি শনাক্ত হওয়ায় ক্যাম্পের কোনো পুলিশ সদস্য ওই পানিটি পান করেননি।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক সন্ত্রাসী বাহিনীর কার্যক্রমের অভিযোগ রয়েছে। পাহাড় কেটে সরকারি জমি দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এই এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।
এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ওই এলাকায় ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তার মৃত্যুর পর সেখানে যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন