প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকের দায়িত্ব গ্রহণের পর, গত ১৮ জুলাই ২৭টি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির ঘোষণা করা হয়। তখন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রজ্ঞাপনে উল্লেখ করে, তিন মাসের মধ্যে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এনএসসির নির্দেশনার আলোকে নতুন অ্যাডহক কমিটি গঠনের তিন মাসের মধ্যে প্রথম নির্বাচন আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। এই ফেডারেশনের নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই দিন আরচ্যারি ফেডারেশনের ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চপলের পুনর্নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে গেছে। তফসিল অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ৬২ জন কাউন্সিলর ২৯টি পদে ভোট প্রদান করবেন। পাঁচটি সহ-সভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ছয়জন। সাধারণ সম্পাদক পদে তিনজন, দুই যুগ্ম সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৯টি সদস্য পদের বিপরীতে প্রার্থী ২২ জন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি চপল মন্তব্য করেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার ও আন্তর্জাতিক ফেডারেশনের বিধিমালা অনুযায়ী জাতীয় ফেডারেশন নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত বলে মনে করি আমি।’ তিনি আরও যোগ করেন, ‘নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ প্রতিটি সদস্যের দায়িত্ব ও জবাবদিহিতা বেড়ে যায়।’ নির্বাচনে কোনো প্যানেল, রাজনীতি বা পক্ষপাতের সুযোগ নেই বলেও তিনি দাবি করেন। বাংলাদেশ আরচ্যারি দলকে বিশ্বের শীর্ষ ১০ দেশের পর্যায়ে নিয়ে যাওয়াকে লক্ষ্য হিসেবে উল্লেখ করে চপল জানান, সরকারের সহযোগিতায় সাত বছরের একটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় কোচের সংখ্যা বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা আরও সুসংগঠিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। চপলের ভাষায়, ‘এই সাত বছরের মহাপরিকল্পনাই আমাদের প্রধান ইশতেহার।’
নির্বাচনে কোনো প্রভাব বা হস্তক্ষেপের অভিযোগও নাকচ করে চপল বলেন, প্রার্থীরা নিজেদের আগ্রহেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আইওসির নীতি অনুসরণ করাই তাদের লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন