প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছে ইতালিভিত্তিক সংগঠন ‘কালারস ফর পিস’।
এ কর্মশালাটি মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় ইতালির দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির ৫০ শিশু অংশগ্রহণ করে। এই শিশুদের মধ্যে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুরাও অন্তর্ভুক্ত ছিল।
‘শান্তি বলতে তুমি কী বোঝো’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মশালায় শিশুরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা ও কল্পনায় শান্তির বার্তা তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি, কালারস ফর পিসের প্রতিষ্ঠাতা ও সভাপতি আন্তোনিও জান্নেল্লি, দক্ষিণ এশিয়া প্রকল্পের পেডাগজিক্যাল কো-অর্ডিনেশনের প্রধান আদ্রিয়ানা গ্রিসপো, নেপালে সংগঠনটির অ্যাম্বাসাডর অজয় দেশার এবং বাংলাদেশে সংগঠনটির অ্যাম্বাসাডর তানজিমা তাবাচ্ছুম এশা।
অনুষ্ঠানে ‘শান্তি প্রতিষ্ঠায় চারুকলায় শিশুদের সম্পৃক্ততার ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালারস ফর পিস বাংলাদেশের অ্যাম্বাসাডর ও ভিজ্যুয়াল আর্টিস্ট তানজিমা তাবাচ্ছুম এশা।
প্রবন্ধে তিনি উল্লেখ করেন, চারুকলায় শিশুদের অংশগ্রহণ শুধু তাদের সৃজনশীল বিকাশে সহায়ক নয়, বরং সহমর্মিতা, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। শিল্পকলা একটি সর্বজনীন ভাষা, যা ভৌগোলিক, ভাষাগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন অতিক্রম করে মানুষকে কাছাকাছি আনতে সক্ষম।
তানজিমা তাবাচ্ছুম এশা বলেন, ছবি আঁকা, সংগীত, নৃত্য ও নাটকের মাধ্যমে শিশুরা নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্যের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বুঝতে শেখে। তাই শিল্পশিক্ষা কেবল বিনোদনের বিষয় নয়, এটি শিশুদের মানবিক বিকাশ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
মূল প্রবন্ধে দক্ষিণ এশিয়ার শিশুদের নিয়ে ‘চিলড্রেন অব সাউথ এশিয়া ড্র পিস’ উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের শিশুদের ছবি আঁকার মাধ্যমে একত্র করার এ উদ্যোগ আন্তসাংস্কৃতিক বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়।
এছাড়া বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত শান্তি ও সম্প্রীতিবিষয়ক শিল্পকর্মশালা আয়োজন, বাংলাদেশ ও ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক শিশু-শিল্প প্রদর্শনীর প্রস্তাব দেওয়া হয়। শিশুদের শান্তির দূত হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে প্রতিষ্ঠিত কালারস ফর পিস একটি ইতালিভিত্তিক অলাভজনক সংগঠন। এই সংগঠনটি শিল্প, আশা ও সংহতির মাধ্যমে শিশুদের মধ্যে শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং বিভিন্ন দেশের শিশুদের মধ্যকার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক দূরত্ব কমাতে কাজ করছে। বর্তমানে বিশ্বের ১৫১টি দেশ ও অঞ্চলে এর কার্যক্রম রয়েছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সনদ ও স্মারক বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন