প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংশোধনীর ১ লাখ ৩৬ হাজার ৬৪৪টি আবেদন নানামুখী সংকটে ঝুলে রয়েছে। কমিশনের কর্মকর্তাদের মতে, নাগরিকের ভুল, ভুয়া কাগজপত্র, তথ্যের গরমিল, একাধিক জন্মনিবন্ধন সনদ, বাস্তবতার সঙ্গে সংশোধন চাওয়া তথ্যের মিল না থাকা, গলা কাটা পাসপোর্ট, প্রবাসীদের অসম বয়স সংশোধনের আবেদন এবং পাসপোর্ট সংশোধন করে বিদেশে যাওয়া, দত্তক গ্রহণসংক্রান্ত জটিলতা এসব আবেদনের ঝুলে থাকার প্রধান কারণ। এই জটিলতা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জের সম্মুখীন করছে। নাগরিকদের অভিযোগ, বছরের পর বছর ধরে এতগুলো আবেদন ঝুলে থাকার ফলে তারা ভোগান্তিতে পড়ছেন। এনআইডি সংশোধনকে কেন্দ্র করে ভয়ংকর চক্রও দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, যা ফেসবুক ও হোয়াটস অ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
ইসি সূত্র জানায়, ৩ নভেম্বর পর্যন্ত কমিশনে ছয়টি ক্যাটাগরির মোট ৬৬ লাখ ১২ হাজার ৪৩৩টি সংশোধন আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৬৪ লাখ ৭৫ হাজার ৭৮৯টি। বর্তমানে ১ লাখ ৩৬ হাজার ৬৪৪টি আবেদন ঝুলে রয়েছে, যার প্রায় ৯২ শতাংশই চলতি বছরের। অনিষ্পন্ন আবেদনের মধ্যে ৭৩ হাজার ৩৭২টি ‘ঘ’ ক্যাটাগরির, যেখানে নাম বা ব্যক্তিগত তথ্য পরিবর্তনের আবেদন করা হয়। এই ক্ষেত্রে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদন প্রয়োজন।
নির্বাচন কমিশন এনআইডি সংশোধনের আবেদনগুলোকে মোট ছয়টি ভাগে বিভক্ত করেছে: ক, ক-১, খ, খ-১, গ ও ঘ। ‘ক’ ক্যাটাগরিতে নামের বানান বা ছোটখাটো ভুল সংশোধন করা হয়। ‘খ’ ক্যাটাগরিতে ছবি, স্বাক্ষর বা অন্যান্য তথ্য পরিবর্তনের বিষয় থাকে। ‘গ’ ক্যাটাগরিতে নাম কিংবা বাবা-মায়ের নামের বড় পরিবর্তন করা হয়। ‘ঘ’ ক্যাটাগরিতে জন্ম তারিখ, বয়স, বাবা-মায়ের নামের তথ্য সংশোধন করা হয়। ‘ক-১’ ও ‘খ-১’ ক্যাটাগরিতে ছোটখাটো বানান বা ভুল সংশোধনের কাজ করা হয়। বর্তমানে অনিষ্পন্ন আবেদনগুলোর মধ্যে ‘ঘ’ ক্যাটাগরির পরেই সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে ‘খ’ ক্যাটাগরিতে, যেখানে জমে আছে ২১ হাজার ৩২৮টি আবেদন।
এরপর ‘ক’ ক্যাটাগরির ১৯ হাজার ৪৪টি, ‘গ’ ক্যাটাগরির ১৬ হাজার ৮১৫টি, ‘খ-১’ ক্যাটাগরির ৪ হাজার ৬০৭টি এবং ‘ক-১’ ক্যাটাগরির ১৪৭৮টি আবেদন ঝুলে রয়েছে। এনআইডি শাখার একজন পরিচালক জানান, নানামুখী জটিলতার কারণে এনআইডি সংশোধন ঝুলে আছে। প্রতিটি আবেদনের পেছনে আলাদা গল্প রয়েছে। নাগরিকরা যে বয়স সংশোধন করতে চান, তাদের মধ্যে অনেকের পারিবারিক ও ওয়ারিশ সনদে দেখা যায় এক ভাই-বোন থেকে অন্যজনের জন্মগ্রহণের বা জন্ম তারিখের পার্থক্য ছয়-সাত মাস; আবার যে বয়স সংশোধন চান, সেই অনুযায়ী তাদের ভোটার হওয়ার বয়স ৭ বা ৮ বছর হয়ে যায়।
তিনি আরও বলেন, এসব আবেদনের অনেক আবেদনকারী তাদের তথ্যে বড় ধরনের পরিবর্তন চান, যার মধ্যে অধিকাংশের অসৎ উদ্দেশ্য থাকে। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছি। আবার অনেকেই এনআইডির নাম পরিবর্তন করে জমি দখল বা ঋণ নিচ্ছেন জালিয়াতি করে।
এদিকে এনআইডি সংশোধনকে কেন্দ্র করে ভয়ংকর চক্র দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এই চক্র ফেসবুক ও হোয়াটস অ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে তাদের কার্যক্রম চালাচ্ছে। অভিযোগ উঠেছে এনআইডি জালিয়াতি করে অন্যের জমি দখল করার। নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নাগরিকের তথ্য অবৈধভাবে বেচাকেনা হচ্ছে। গত ১৫ জানুয়ারি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও নাগরিকের গোপনীয় তথ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের একজন কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাগরিকের তথ্য বেচাকেনায় মাসে কোটি টাকার বেশি লেনদেন করতেন তারা।
জানা গেছে, দেশের ১৮ লাখেরও বেশি নাগরিকের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগ সাইবারস্টেশন। দেশের ১৫টি খাতের ৭৬৭টি ডোমেইন পর্যালোচনা করে প্রায় সবকটির ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে এই সংস্থাটি।
ইসির এক কর্মকর্তা জানান, এনআইডি সার্ভারের তথ্য অনৈতিকভাবে সংশোধন ও স্থানান্তরের জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দেওয়া হতো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এর জন্য প্রতিদিন ৫ হাজার টাকা দেওয়া হতো। হোয়াটস অ্যাপ গ্রুপের ওই চক্রটি তা সরবরাহ করত বিভিন্ন কম্পিউটার কম্পোজের দোকানে। এভাবেই চলছিল রমরমা ব্যবসা।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ইসি নাগরিকদের সেবা দিচ্ছে। অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন