প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদী, ১ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী এক বছরের মধ্যে দেশের স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তন আসবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে জেলা থেকে জেলা দৌঁড়াচ্ছি। প্রতিটি জেলায় একাধিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের ফলে স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে।"
স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, "সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন। সকল পর্যায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এলাকাগুলোতে কার কি অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছে। আমরাও রিপোর্ট পাঠাবো, তারপর তিনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী যাকে ফাইনাল করবেন, তার পিছনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেকে মিছিল মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে যিনি বিজয়ী হতে পারবে না, তাকে আমরা মনোনয়ন দেব না। মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার মাপকাঠিতে, মানুষ যাকে ভোট দিবে আর ত্যাগীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হবে।"
মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় আলোচনা সভায় বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে, পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন