প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিনল্যান্ড এবার প্রেমের সন্ধানে বিদেশ ভ্রমণের সুযোগ প্রদান করছে। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে বিনা খরচে চার দিনের ভ্রমণে আমন্ত্রণ জানাচ্ছে। এই আয়োজনের নাম ‘ফিনিশ ডিনার ডেট’। এতে ভ্রমণের পাশাপাশি ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এবং স্থানীয় অবিবাহিত মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আয়োজকদের ওয়েবসাইট অনুযায়ী, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে এ ভ্রমণ আয়োজন করা হবে। নির্বাচিত ব্যক্তিদের যাতায়াত, থাকা ও খাবারের খরচ আয়োজকরা বহন করবেন।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের অবশ্যই অবিবাহিত এবং কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। ফিনল্যান্ডের নাগরিক বা দেশটির বাসিন্দারা এ আয়োজনে আবেদন করতে পারবেন না। বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে ১৬ জনকে বেছে নেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহীদের প্রথমে ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি একটি প্রশ্নের উত্তর দিতে হবে—‘ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। এর সঙ্গে ‘#FinnishDinnerDate’ হ্যাশট্যাগ ব্যবহার করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ভিজিট ফিনল্যান্ডের নির্ধারিত অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে। ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও দিলে অ্যাকাউন্টটি সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। তবে ইউটিউবে চাইলে ভিডিওটি ‘আনলিস্টেড’ হিসেবে প্রকাশ করা যাবে, যাতে শুধু লিংক থাকা ব্যক্তিরা সেটি দেখতে পারেন।
এরপর ভিজিট ফিনল্যান্ডের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে ভিডিওর লিংক জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিট। নির্বাচিত ব্যক্তিদের নাম ১ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে।
কোথায় হবে এই আয়োজন?
নির্বাচিত ১৬ জনকে দুটি দলে ভাগ করা হবে। আটজন যাবেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে, আর বাকি আটজন যাবেন লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে। প্রতিটি দলের সঙ্গে স্থানীয় দুই অবিবাহিত ব্যক্তিও ডিনারে অংশ নেবেন।
চার দিনের এ ভ্রমণে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া, আঞ্চলিক সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে। আয়োজনের মূল আকর্ষণ হবে মোমবাতির আলোয় বিশেষ ডিনার, যেখানে সবাই একসঙ্গে খাবার খাওয়ার পাশাপাশি পরস্পরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
তবে আয়োজকরা কারও সঙ্গে কারো প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার নিশ্চয়তা দিচ্ছেন না। এটি মূলত ভ্রমণ, খাবার ও নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার একটি আয়োজন।
উল্লেখ্য, আবেদনের আগে ভিসা, ভিডিও ধারণে সম্মতি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন