প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার কারণে অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। এর ফলে নদীর আকার ক্ষীণ হয়ে পড়েছে। নতুন নতুন চর সৃষ্টি হওয়ায় পণ্যবাহী নৌকা ও জাহাজের চলাচল বন্ধ হয়ে গেছে।
শুষ্ক মৌসুমে যমুনার নাব্যতা হ্রাস পেয়ে বর্তমানে নদীর প্রস্থ দুই কিলোমিটার হয়ে গেছে। বর্ষাকালে এটি প্রায় সাড়ে ৭ কিলোমিটার থাকে। যমুনার তীরে কৃষকরা এখন সরিষা, বোরো ধান, ভুট্টা, খেসারি কালাই ও চিনাবাদামসহ বিভিন্ন ফসল চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
জানা যায়, উজান থেকে আসা পাহাড়ি ঢলের সঙ্গে যমুনা নদীতে বালু প্রবাহিত হচ্ছে, যার ফলে নদীর তলদেশ প্রতিবছর ভরাট হয়ে যাচ্ছে। এই কারণে বর্ষায় যমুনার পানি ফুলে ফেঁপে উঠলে পূর্ব ও পশ্চিম পাড়ে তীব্র নদী ভাঙন দেখা দেয়।
অন্যদিকে, শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় নৌ-পরিবহনে দুর্ভোগ বেড়ে যায়। প্রতিবছর যমুনার তলদেশ ভরাট হওয়ার কারণে নদীর অতীত ঐতিহ্য হারানোর পথে।
একসময় ব্যবসায়ীরা দূরদূরান্ত থেকে নৌ-পথে সিরাজগঞ্জ, বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে আসতেন বাণিজ্য করার জন্য। বর্তমানে সেই দৃশ্য তেমন দেখা যায় না। তলদেশ ভরাট হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই বন্যা আসে, যা আবাদি জমি ও ঘর-বাড়ি ভাঙে এবং শত শত পরিবারকে নিঃস্ব করে।
এছাড়া, নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় মাছ ধরার জীবিকা নির্বাহকারী জেলেরা বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। নদীতে আগের মতো মাছ নেই, ফলে তারা পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে যাচ্ছেন।
যমুনা নদীতে পানি কমে যাওয়ার কারণে নতুন নতুন চর উঠার ফলে চৌহালী থেকে এনায়েতপুর নৌকা ঘাট হয়ে জেলা সদরে যাতায়াতে শ্যালো নৌকায় ১ ঘণ্টার বদলে এখন প্রায় ৩ ঘণ্টা সময় বেশি লাগে।
জাহাজ চলাচল একেবারে বন্ধ হয়ে গেলেও শ্যালো নৌকা প্রায় সাড়ে তিন কিলোমিটার ঘুরে চলছে। নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় এক চর থেকে অন্য চর পাড় হওয়ার জন্য নৌকার পরিবর্তে পায়ে হেঁটে যেতে হচ্ছে, এমনটি জানিয়েছেন খাষকাউলিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজী রুহুল আমিন ও শিক্ষক আব্দুস শরীফুল ইসলাম।
চৌহালী উপজেলার নৌকা ঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানিয়েছেন, নদীর পানি কমে যাওয়ার কারণে নৌকা চালানো কঠিন হয়ে পড়েছে। ড্রেজিং না করা হলে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে জেলা সদরের সঙ্গে নৌপথের চৌহালীর যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তিনি দ্রুত ড্রেজিং করে নৌ চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
চৌহালী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীতে নতুন নতুন চর জেগে ওঠায় বর্ষার শুরুতে পানি ফুলে ফেঁপে উঠলে দু-পাড়ে নদী ভাঙন দেখা দেয়। শুষ্ক মৌসুমে নৌপথের পণ্য ও যাত্রীবাহী নৌযানগুলো বিড়ম্বনার শিকার হচ্ছে। নৌকার মাঝিদের সঙ্গে আলোচনা হয়েছে যে, যমুনা নদীতে ড্রেজিং করে নদী ভাঙন রোধ ও নাব্যতা সংকট সমাধানের কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন