প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রেক্ষাপটে আগামী ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক সংযোগ তৈরি করার উদ্দেশ্যে যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করছে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি)।
সংবাদ সম্মেলনে বিটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান জানান, ৯ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই প্রতিযোগিতা শুরু হবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যেই ১০০ জনের কোটা পূর্ণ হয়েছে।
তিনি আরও জানান, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘অর্জিত অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’ (Lived experiences heard: real voices, real change)। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে।
ডিইউসিসির সভাপতি ফারিহা সুমনা জানান, দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭ বছরের নিচে বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সুইস সিস্টেম পদ্ধতিতে মোট ৭ রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি খেলায় র্যাপিড ১০+৫ সময় নিয়ন্ত্রণ থাকবে।
প্রতিযোগিতায় ‘ইউনিভার্সিটি’ এবং ‘স্কুল-কলেজ’ নামে দুটি বিভাগ থাকবে। তিনি জানান, দুই বিভাগ মিলিয়ে মোট ৫০ হাজার টাকার পুরস্কার থাকবে। উভয় বিভাগের চ্যাম্পিয়ন পাবেন ৮ হাজার, প্রথম রানারআপ ৬ হাজার, দ্বিতীয় রানারআপ ৫ হাজার এবং চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী ৩ হাজার টাকা করে পুরস্কার পাবেন। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের মেডেল প্রদান করা হবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য খাবার, টি-শার্ট ও সনদের ব্যবস্থা থাকবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।
সংবাদ সম্মেলনে ডিইউসিসির সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আকিব হাসান উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন