প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের জন্য গুড নেইবারস বাংলাদেশ জাতীয় পর্যায়ে ৫ জন আদর্শ বাবাকে সম্মাননা প্রদান করেছে।
এ সম্মাননা সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘ন্যাশনাল গুড ড্যাডি ক্যাম্পেইন ২০২৬’-এ প্রদান করা হয়।
‘মেয়েদের পাশে পিতারা : শিক্ষায় হ্যাঁ, বাল্যবিবাহে না’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড বার্টিন গোমেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক ইফাত আরা পারভীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন বিভাগের ন্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন, এবং ফুড ফর দ্য হাংরি বাংলাদেশের প্রোডাক্টিভ লার্নিং স্পেশালিস্ট নুসরাত বিনতে হায়দার।
বার্টিন গোমেজ তার সভাপতির বক্তব্যে উল্লেখ করেন, মেয়েদের স্বপ্নপূরণে বাবাদের আন্তরিক সহযোগিতা, সচেতন সিদ্ধান্ত এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাশিশুর শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং তার নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
অনুষ্ঠানে গুড ড্যাডি অ্যাওয়ার্ডের ঘোষণা দেন সংস্থাটির হেড অব প্রোগ্রাম আনন্দ কুমার দাস। বিভিন্ন কমিউনিটির নির্বাচিত পিতা ও তাদের কন্যারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। দিনব্যাপী কর্মসূচিতে গুড ড্যাডি ক্যাম্পেইনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময়, বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কন্যাশিশুদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী পিতারা তাদের কন্যাদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো, ইতিবাচক অভিভাবকত্বের চর্চা সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদার করতে ‘গুড ড্যাডি নেটওয়ার্ক’ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, কমিউনিটি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
গুড নেইবারস বাংলাদেশ ২০১৬ সাল থেকে আদর্শ পিতাদের সম্মাননা দিয়ে আসছে। ২০২৬ সাল পর্যন্ত মোট ২৯৬ জন বাবাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ইতিবাচক অভিভাবকত্বের চর্চা ছড়িয়ে দেওয়া এবং কন্যাশিশুর শিক্ষার প্রসারে অন্য অভিভাবকদের উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন