প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্প্রসারণ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাজিনাজ হাসপাতাল লিমিটেড এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায়, রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শর্ত ও সুযোগ-সুবিধা অনুযায়ী সাজিনাজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে হোটেলের কর্মীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে এবং তাদের সুস্বাস্থ্য ও কল্যাণে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী মন্তব্য করেন, "মানুষের মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা। রেডিসন ব্লু তার কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সাজিনাজ হাসপাতাল সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।" তিনি আরও বলেন, উভয় প্রতিষ্ঠান নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে।
সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, "আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং টিম এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার সমন্বয়ে সাজিনাজ হাসপাতাল মানসম্মত, নিরাপদ, সাশ্রয়ী ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।" বর্তমানে হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ব্লাড ব্যাংক ও বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসাসহ বিভিন্ন সেবা চালু রয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, "সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে হাসপাতালের সেবার গুণগত মান, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও আন্তর্জাতিক মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।" তিনি জানান, অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদানের সক্ষমতা আরও বাড়াবে।
অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, পরিচালক (এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) হাসান মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপক (এইচআর) মো. সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আরেফিন ও আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি।
রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডা. মেজর (অব.) আমিনুল হক, মেজর (অব.) গৌতম রায়, মো. রায়হান চৌধুরী ও জমীর উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন