প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আগামীতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে, এমন তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি উল্লেখ করেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা উন্নত হয়। তবে, বিতর্ক যেন শুধুমাত্র তর্কের জন্য না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক হতে হবে।
আজ বুধবার রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয় এবং জ্ঞান অর্জন করতে হয়। বর্তমানের শিক্ষার্থীরাই আগামী দিনে প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নেতৃত্ব দেবে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকতে হবে। ভবিষ্যৎ কর্মজীবনে এসব কার্যক্রম একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার পরিচয় বহন করে।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অনেক উপজেলায় এসব কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সারাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
তিনি জানান, সরকার সারা দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং এর বাইরেও দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে এসব প্রতিযোগিতা সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগকে আরও বিকশিত করার কাজ করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চা আরো সমৃদ্ধ হবে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যেখানেই থাকুক না কেন, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন জানান তিনি।
তিনি বলেন, এত অল্প বয়সে শিক্ষার্থীরা যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সেটিই প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য রাখেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এর আগে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন