প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের অনুমতি প্রদানের জন্য প্রধান বিচারপতিকে আবারও চিঠি প্রদান করেছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। আগামী ২৫ অক্টোবর থেকে এই অনুমতি কার্যকর হবে।
চিঠিটি সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে হস্তান্তর করা হয়।
এসআরএফ সভাপতি মো. দিদারুল আলম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আদেশ, রায় এবং বিচারাঙ্গের বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানাতে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে এসআরএফের সদস্যরা সবসময় সচেতন ও দায়িত্বশীল।
দীর্ঘ সময় ধরে আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশের সুযোগ নেই। এর ফলে আপিল বিভাগের গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রত্যক্ষ করে সংবাদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এই কারণে বিচারিক কার্যক্রম সম্পর্কে নির্ভুল ও পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশনে নানা সীমাবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে। এর আগে এসআরএফ প্রধান বিচারপতির সদয় দৃষ্টি আকর্ষণ করলেও কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায়নি।
চিঠিতে আরও বলা হয়েছে, সাংবাদিকরা আদালতের কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চান না। বরং আদালতের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রেখে সংবাদ সংগ্রহ করাই তাদের প্রত্যাশা। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মতো বাংলাদেশেও বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসাধারণের তথ্যপ্রাপ্তির স্বার্থে আদালতের উন্মুক্ত কার্যক্রম সম্পর্কে সংবাদ পরিবেশনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করেন, সাংবাদিকদের এজলাসে প্রবেশের সুযোগ দেওয়া হলে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ় হবে।
এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠিটি হস্তান্তর করেন। এ সময় এসআরএফের কোষাধ্যক্ষ ইমন মাহমুন, দপ্তর সম্পাদক রাব্বি হোসেন, কার্য নির্বাহী সদস্য সৈয়দা সাবরিনা মজুমদার, এবং এসআরএফের সদস্য তুলনা আফরিন, নাজমুল হুদা, জুনাইদ আল হাবিব ও ইমদাদুল আজাদ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন