প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, “আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেমের পরে আমরা সব বিষয় জেনে বলতে পারব।”
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, বুধবার বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। জানা যায়, সৌরি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো ঘটনা নেই, যা সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত করা, গ্রেপ্তার করা, তদন্ত করা এবং বিচার সম্পন্ন করার কাজ সফলভাবে করা হয়নি; দু-একটির ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।
শেখ হাসিনার দেশে আসার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কে কখন আসতে চাচ্ছে না চাচ্ছে, তা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর; যে-ই আসুক না কেন, তাদের আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ হচ্ছে এখন একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। তারা একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং অরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণিত করে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বাংলাদেশে ১৪০০-এর বেশি (জাতিসংঘের হিসাব মতে) এবং আমাদের হিসাব মতে, ২০০০-এরও বেশি মানুষ হত্যা ও গণহত্যা চালিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি। উল্টো তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দিতে চেয়েছিল। তারা যে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে আসতে চায়, এ দেশের জনগণ কখনো তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতা নেওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমার ঘটনা বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন