প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়মের চিহ্ন পাবে, সেখানেই তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকার কোনো অন্যায়কে ছাড় দেওয়ার পক্ষে নয়। অন্যায় করার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায় এসব বিষয়ে কাজ চলছে। সকলের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং মাদকের সঙ্গে যুক্ত না হওয়ার জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।”
তিনি উল্লেখ করেন, “কমিউনিটি পুলিশিংয়ের আওতায় ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। আমরা সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে সকলের অবস্থান থাকবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এগুলো ঢুকিয়ে দিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।”
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো তদবির চলবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ সদর, দেলদুয়ার, মির্জাপুর, গোপালপুর, বাসাইল ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
কাবাডি প্রতিযোগিতার পর পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন