প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থ্রি-ইন-ওয়ান পদ্ধতিতে উপজেলা প্রশাসন, উপজেলা ভুমি অফিস এবং নাচোল পৌরসভা পরিচালিত হচ্ছে এক ইউএনও দ্বারা। এর ফলে নাচোল পৌরসভা ও উপজেলা ভুমি অফিসের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে লক্ষাধিক মানুষের জীবনযাত্রা চরম ভোগান্তিতে পরিণত হয়েছে। নাচোল উপজেলা ভুমি অফিসে সহকারি কমিশনার (ভুমি) না থাকার কারণে জমির নামজারি করতে গিয়ে অনেক ভুক্তভোগী দিনের পর দিন ঘুরে কাজ না হওয়ার অভিযোগ করছেন। অন্যদিকে, মাসের পর মাস ধরে নাচোল পৌরসভায় সুপেয় পানির সংকট, বর্ষায় জলাবদ্ধতা এবং মশক নিধন অভিযান বন্ধ থাকায় ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে পৌর এলাকার বাসিন্দারা।
সূত্র অনুযায়ী, পানি সরবরাহ লাইনে ত্রুটি, পাম্প রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের অভাবে পৌরসভার ১, ৩, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর, শিবপুর শিয়ালা, মুরাদপুর এবং রেল স্টেশন এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। অন্যদিকে, এলাকায় হস্তচালিত নলকুপ না থাকায় পৌরবাসীকে দূর-দূরান্ত থেকে বিকল্প উপায়ে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। এই অবস্থায় তীব্র গরমে সুপেয় পানির সংকট গৃহস্থালিসহ দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।
পৌরসভার প্রধান সড়কসহ অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থায় দীর্ঘদিন সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান না হওয়ায় পলি ও বর্জ্য জমে ভরাট ও অচল হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এছাড়া, গত ৮-৯ মাস ধরে পৌর এলাকায় মশক নিধন ও ফগার মেশিন পরিচালনা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে জমে থাকা ড্রেনের পানিতে মশার বংশবৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়া এবং অন্যান্য পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করছে।
নাচোল পৌরসভার বর্তমান প্রশাসক উপজেলা প্রশাসন ও ভুমি অফিসের দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় পৌর কার্যালয়ে নিয়মিত সময় দিতে না পারায় জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদ এবং অন্যান্য জরুরি কাগজপত্র পেতে সেবাগ্রহীতাদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের ভর্তি ও পাসপোর্ট সংক্রান্ত কাজে নাগরিকরা চরম বিপাকে পড়েছেন।
পৌরবাসীর দাবি, অবিলম্বে পাম্প ও পানি সরবরাহ লাইন সংস্কার, নিয়মিত ড্রেন পরিষ্কার, মশক নিধন ও ওষুধ ছিটানো এবং জন্ম নিবন্ধনসহ অন্যান্য নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করতে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস জানান, একজন করামকর্তা দিয়ে সরকারের ৩টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে স্বাভাবিক কার্যক্রমে ছন্দপতন ঘটতে পারে, তবে যথাযথভাবে নাচোলের নাগরিকসেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন