প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে আটক থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আদালত আবারও নামঞ্জুর করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ আদেশ প্রদান করেন। একই সঙ্গে ডনকে কারাগারে আটক রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম ডনের জামিন আবেদন নাকচ করে দেন। পরবর্তীতে উচ্চতর আদালতে জামিনের আবেদন করা হলেও তাতে কোনো সাড়া মেলেনি।
ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম গণমাধ্যমকর্মীদের জানান, সালমান শাহর মৃত্যুর দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণে তাদের ধারণা, আত্মহত্যার বিষয়টি উঠে এসেছে। এ কারণে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ডনের জামিন আবেদন করা হয়েছিল। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।
গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সিআইডির অভিযোগ, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তিনি তার মৃত্যুসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন। কিন্তু তদন্তে তিনি তথ্য গোপনের কৌশল অবলম্বন করেছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে আসছেন স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবারের দাবি, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পরিবারের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন