প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তামাকবিরোধী সংগঠন ‘মানস’ বিনোদনের মাধ্যমে নাটক ও সিনেমায় তামাকের প্রচারণা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে করণীয় : প্রেক্ষিত নাটক, চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম’ শীর্ষক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনটি উল্লেখ করেছে, তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন এবং এর প্রচারণা নিষিদ্ধ। তবে ২০২৬ সালে মুক্তি পাওয়া ১২টি সিনেমা পর্যবেক্ষণ করে ৭৫১টি ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ছয়টি সিনেমায় কৌশলে তামাক পণ্যের ব্র্যান্ডও প্রদর্শিত হয়েছে বলে জানায় ‘মানস’।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। আলোচনায় অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহসভাপতি মেহেদী আজাদ মাসুম, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটির (ডাস) টিম লিড আমিনুল ইসলাম বকুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ‘মানস’-এর কোষাধ্যক্ষ হোসনে আরা বেগম রিনা এবং সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।
ড. অরূপরতন চৌধুরী সভায় বলেন, ধূমপান এবং তামাক ব্যবহার ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোকসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন, তামাক কোম্পানিগুলো তরুণদের তামাক ব্যবহারে আকৃষ্ট করতে বিভিন্ন বিপণন কৌশল গ্রহণ করছে। সিনেমা, নাটক এবং ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মাধ্যমে ধূমপানকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ১২টি সিনেমা পর্যবেক্ষণ করে ছয়টিতে ব্র্যান্ড প্রচারণা এবং মোট ৭৫১টি ধূমপান ও তামাক সেবনের দৃশ্য পাওয়া গেছে। এর মধ্যে ‘রাক্ষস’-এ ১৯২ বার, ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-তে ১৬৫ বার, ‘মালিক’-এ ৯৮ বার, ‘রকস্টার’-এ ৯৫ বার, ‘বনলতা সেন’-এ ৭১ বার এবং ‘বনলতা এক্সপ্রেস’-এ ৬৪ বার ধূমপান ও তামাক সেবনের দৃশ্য রয়েছে।
তরুণদের সুরক্ষার জন্য এ ধরনের প্রচারণা বন্ধে বিনোদনমাধ্যমে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়নের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
মাইনুল হাসান সোহেল বলেন, কিশোর ও তরুণদের মধ্যে তামাকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বিনোদনমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাকের প্রচারণা উদ্বেগজনক। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সার্টিফিকেশন বোর্ড, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় প্রায় ৪০ হাজার কোটি টাকা হলেও তামাকজনিত স্বাস্থ্য ব্যয় ৮৭ হাজার কোটি টাকা। তাই রাজস্ব আয়ের তুলনায় জনস্বাস্থ্যের ক্ষতিকে গুরুত্ব দিয়ে তামাক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
নিখিল চন্দ্র ভদ্র বলেন, সিনেমা, নাটকসহ বিভিন্ন বিনোদনমাধ্যমে সিগারেট এবং ই-সিগারেটের দৃশ্য প্রদর্শনের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে বিনিয়োগের নামে দেশে নিকোটিন পাউচের কারখানা স্থাপনের উদ্যোগের বিষয়েও সতর্ক থাকতে হবে।
সভায় বক্তারা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি ওটিটিসহ উদীয়মান গণমাধ্যমের জন্য পৃথক গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সার্টিফিকেশন কর্তৃপক্ষ, গণমাধ্যম এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তারা বলেন, শিশু-কিশোর এবং তরুণদের তামাক ও নিকোটিন পণ্যের আসক্তি থেকে দূরে রাখতে তামাক কোম্পানির কৌশল প্রতিহত করতে হবে। তামাক ও নিকোটিন পণ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন