প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।’ এবারের প্রতিযোগিতায় রেকর্ড ৬১৬ শাটলার অংশগ্রহণ করছেন, যারা ৮৮টি দলের প্রতিনিধিত্ব করছেন, যার মধ্যে জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
এতে পুরুষ প্রতিযোগীদের সংখ্যা ৫৩৫ এবং নারী শাটলার রয়েছেন ৮১ জন। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ছয় দিনব্যাপী এ আয়োজন আগামী ২৮ অক্টোবর শেষ হবে। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন এবং এনএসসির পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।
বুধবার (২১ অক্টোবর) টুর্নামেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি এবং সহযোগী হিসেবে রয়েছে জেডএসআরএম, নোহা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি। টুর্নামেন্টের বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিংক এবং কানেক্টিভিটি পার্টনার ওয়ান স্কাই কমিউনিকেশন লিমিটেড।
জাতীয় চ্যাম্পিয়নশিপের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এ মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান। ১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানার আপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানার্স আপ পাবেন ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ, রানার্স আপ পাবেন ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্স আপের জন্য থাকবে ৬০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকছে একটি ইলেকট্রিক বাইক।
ইনজুরির কারণে গত আসরের পুরুষ এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। তবে রানার আপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার অংশগ্রহণ নিশ্চিত। এছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন এবং রানার আপ উর্মি আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী) সহ শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন