প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষ্ণসাগরে দ্রুত যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি। রয়টার্সের খবর অনুযায়ী, শুক্রবার তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন এবং রাশিয়া—দুই দেশের পক্ষ থেকে নিরাপদে শস্য পরিবহন সম্ভব হবে। একই সঙ্গে তিনি জানান, ইউরোপে পুনরায় জ্বালানি বিক্রি করতে চাইলে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিকোরস্কি এসব মন্তব্য করেন। বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির দেশ নিয়ে গঠিত এই জোটের বৈঠকে তিনি বলেন, ‘আমি দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে কথা বলেছি। কারণ, বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মানুষের এই শস্য প্রয়োজন।’ যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এই বৈঠকে অংশগ্রহণ করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ বন্ধের যেকোনো উদ্যোগে ইউক্রেনকে অবশ্যই যুক্ত করতে হবে। এই যুদ্ধ বর্তমানে পঞ্চম বছরে প্রবেশ করেছে।
সিকোরস্কি আরও জানান, ইউরোপেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই যুদ্ধ বন্ধের আলোচনায় ইউরোপকে যুক্ত করা উচিত। তিনি ইউক্রেন যুদ্ধের একটি ‘ন্যায্য সমাপ্তি’ নিশ্চিত করার আহ্বান জানান। তার মতে, রাশিয়াকে আবার ইউরোপে জ্বালানি বিক্রির সুযোগ দেওয়ার আগে যুদ্ধের ন্যায্য সমাধান করতে হবে। একসময় ইউরোপ ছিল রাশিয়ার জ্বালানি রপ্তানির সবচেয়ে লাভজনক বাজার। এ বছর জি-২০-এর সভাপতির দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রস্তাব দিয়েছে, জার্মানি ও ফ্রান্সের মতো পোল্যান্ডকেও জোটের পূর্ণ সদস্য করা হোক। জার্মানি ও ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে জি-২০-তে প্রতিনিধিত্ব করে।
সিকোরস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। আটলান্টায় বৈঠকের ফাঁকে জি-২০-এর কয়েকটি সদস্যদেশের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তবে পশ্চিমা কর্মকর্তাদের মতে, পোল্যান্ডকে জি-২০-এর পূর্ণ সদস্য করতে কয়েক বছর সময় লাগতে পারে। কারণ, রাশিয়া এই প্রস্তাবের বিরোধিতা করছে। এ ছাড়া জি-২০-এর যেকোনো সিদ্ধান্ত নিতে সব সদস্যের সম্মতি প্রয়োজন। রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, জি-২০-এর বৈঠকে পোল্যান্ডকে আমন্ত্রণ জানানো হলে তা উল্টো ফল বয়ে আনতে পারে। এটি বহুপক্ষীয় কূটনীতির প্রচলিত নিয়মেরও বিরোধী।
লাভরভ বলেন, ‘এটি অবশ্যই কূটনীতির নীতির লঙ্ঘন। বিশেষ করে বহুপক্ষীয় কূটনীতির ক্ষেত্রে। কারণ, জি-২০-এর মতো জোটের সদস্যরা সবার সম্মতির ভিত্তিতে কাজ করেন।’ অন্যদিকে আটলান্টার জর্জিয়া অ্যাকুরিয়ামে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পোল্যান্ডের পক্ষে কথা বলেন। তিনি উল্লেখ করেন, পোল্যান্ডকে জি-২০-এর পূর্ণ সদস্য করা উচিত। এই সদস্যপদ পাওয়ার যোগ্যতা দেশটির রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন