প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ভারতকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাড়তি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায়। মার্কিন আলোচকেরা চুক্তি স্বাক্ষরের পর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ না করার বিষয়টিও চুক্তির আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস .
ওই কর্মকর্তা জানান, দুই দেশের আলোচকেরা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনায় শুল্ক ও বাণিজ্য সহজীকরণ অধ্যায়ের বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন আলোচকেরা দুই দিনের জন্য ভারতে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে শুল্ক ও বাণিজ্য সহজীকরণ নিয়ে একটি অধ্যায় রয়েছে। এর অনেক বিষয়েই সমাধানে পৌঁছানো গেছে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের সুবিধাজনক অবস্থানে রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের শুল্ক কাঠামো কীভাবে চূড়ান্ত হয়, তা আমাদের দেখতে হবে।’
ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা বলেন, চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির বাইরে গিয়ে ভবিষ্যতে কোনো শুল্ক আরোপ করা হলে ভারতও তার দেওয়া বাণিজ্যিক সুবিধা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে।
তিনি আরও জানান, ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। তবে এই পর্যায়ের চুক্তিতে সেবা খাত অন্তর্ভুক্ত থাকবে না।
শুল্ক নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে দ্বিতীয় দফার তদন্তের প্রতিবেদন প্রকাশ করলে দেশটির চূড়ান্ত শুল্ক কাঠামো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কোনো দেশ বা খাতের উৎপাদন সক্ষমতা বাজারের চাহিদার তুলনায় বেশি হলে তাকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়।
এই তদন্তে নিজেদের জন্য অনুকূল সিদ্ধান্ত প্রত্যাশা করছে ভারত। দেশটি অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশের সঙ্গে এ বিষয়ে একমত হয়েছে যে, যেকোনো দেশে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন পরিস্থিতি অন্য বাণিজ্য অংশীদারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। এসব দেশ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।
এর আগে চলতি বছরের জুনে ভারতের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। গত মার্চে প্রস্তাবিত ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের তুলনায় এ হার কম ছিল। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এ ধরনের পণ্য আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম দফার তদন্ত শুরু হয়েছিল।
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের প্রতিবেদন প্রকাশ করতে পারে বাণিজ্য প্রতিনিধি দপ্তর। এর ফলে ২০২৫ সালের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে শুল্ক কাঠামো তৈরির পরিকল্পনা করছিল, তা আবার সামনে আসতে পারে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করার পর বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
কৃষি ও দুগ্ধ খাতে ভারতের অনড় অবস্থান
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল গত ৩ নভেম্বর জানিয়েছিলেন, জিনগতভাবে পরিবর্তিত পণ্য কিংবা বাছুরের মাংস ব্যবহার করে উৎপাদিত দুগ্ধজাত পণ্য আমদানির অনুমতি দেবে না ভারত।
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় জিনগতভাবে পরিবর্তিত পণ্য রপ্তানির জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, নির্দিষ্ট কিছু দুগ্ধজাত পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ অশুল্ক বাধা হিসেবে কাজ করছে। ২০২৫ সালের মার্চে প্রকাশিত অশুল্ক বাধাবিষয়ক এক প্রতিবেদনে ভারতের দুগ্ধজাত পণ্য আমদানির শর্তগুলোকে ‘কঠোর’ বলে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর।
কিরোরি মাল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে পীযূষ গয়াল বলেন, ‘দুগ্ধ খাত উন্মুক্ত করার বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। এখন পর্যন্ত কোনো দেশের জন্যই এ খাত উন্মুক্ত করিনি। জিনগতভাবে পরিবর্তিত কোনো পণ্য ভারতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়েও আমরা সতর্ক। অতীতেও অনুমতি দিইনি, ভবিষ্যতেও দেব না। এ ক্ষেত্রে কঠোর সনদ নিশ্চিত করতে হবে।’
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য আমদানি করা দুগ্ধজাত পণ্য এমন প্রাণী থেকে উৎপাদিত হতে হবে, যেগুলোকে জাবরকাটা প্রাণী বা শূকরজাত উৎসের অভ্যন্তরীণ অঙ্গ, রক্তের গুঁড়া কিংবা টিস্যু মিশ্রিত খাবার খাওয়ানো হয়নি। রপ্তানিকারক দেশগুলোকে এ শর্ত পূরণের সনদও দিতে হয়।
তবে মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব শর্তের পেছনে প্রাণী বা মানুষের স্বাস্থ্যের সুরক্ষাসংক্রান্ত সুস্পষ্ট কোনো যুক্তি নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন