প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগামী ২০ নভেম্বর (শুক্রবার) থেকে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংস্থা ‘চট্টগ্রাম চেম্বার’ আয়োজিত মাসব্যাপী ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬’ শুরু হতে যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এদিন বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেলার।
চট্টগ্রাম চেম্বারের হল কক্ষে বুধবার (১৮ নভেম্বর) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেলা কমিটির চেয়ারম্যান এস.এম. সাইফুল আলমসহ চেম্বারের জ্যেষ্ঠ পরিচালকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, ১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে নিয়মিত বাণিজ্য মেলার আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার। সেই ধারাবাহিকতায় এবারও চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ডে প্রায় ৪ লাখ বর্গফুট এলাকা নিয়ে মেলা প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলায় মোট ২০টি প্যাভিলিয়ন, ১টি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা প্রাঙ্গণে একটি আকর্ষণীয় ফুডজোন, আলাদা নামাজের স্থান, দুটি চিলড্রেন প্লে-জোন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জন্য বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দৃষ্টিনন্দন লে-আউট এবং আগতদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে তিনি জানান, দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। প্রাইভেট সিকিউরিটি, পুলিশ বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা চব্বিশ ঘণ্টা মেলা প্রাঙ্গণে দায়িত্ব পালন করবেন। দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসের গাড়ি ও মেডিকেল টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা শেষে সেরা প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ পদক ও সনদপত্র প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন