প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৭ সালের হজের প্রস্তুতির লক্ষ্যে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ৭৮ দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি বৈঠক আয়োজন করেছে। এই বৈঠকগুলো হজযাত্রীরা সৌদি আরবে আগমন করার পূর্বে প্রস্তুতি, পরিচালন পরিকল্পনা এবং সেবার বিভিন্ন দিক সমন্বয় করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বৈঠকগুলোতে হজের প্রস্তুতির বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা হয়েছে।
হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার সরবরাহ এবং ভিড় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, হজযাত্রীদের সচেতনতা ও দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং হজ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করেছেন।
সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসগুলোর প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি প্রস্তুতি প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দেয়, তবে তা আগেভাগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ধাপের জন্য দায়িত্ব এবং সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম গত মে মাসে শুরু হয়। ওই সময়ে বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি এবং পরিচালন সূচি পাঠানো হয়। একইসঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমের ব্যাপক মূল্যায়ন করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, আগাম এবং সমন্বিত পরিকল্পনার লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল, নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হজের বিভিন্ন কার্যক্রমের আগাম সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন