প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ এর বেশি হয়ে গেছে। চলতি বছরে অঙ্গরাজ্যটিতে এ রোগের কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৫ জনে পৌঁছেছে। আগের হিসাবের তুলনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। গত সাত দিনে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৮ বছরের কম বয়সীদের হার ৩৩ শতাংশ। উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের মধ্যে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তির সংখ্যা ১ শতাংশেরও কম।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জনে পৌঁছেছে। ১৯৯১ সালের পর এটি দেশটিতে এক বছরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য জানা যায়নি।
পেনসিলভানিয়ার পর সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি হাম ছড়িয়েছে। এদিকে, ২০০০ সাল থেকে হাম নির্মূলের স্বীকৃতি ধরে রাখা যুক্তরাষ্ট্র সেই অবস্থান বজায় রাখতে পারছে কি না, তা পর্যালোচনা করতে চলতি সপ্তাহে বৈঠকে বসবে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন